এআই চ্যাটবট ক্লডের ভুলে মুছে গেল অধ্যাপকের লেকচার নোট

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দৈনন্দিন কাজকে সহজ করলেও কখনো কখনো এটি বড় ধরনের তথ্য হারানোর ঝুঁকি তৈরি করতে পারে। যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক উইলিয়াম বাউডের ক্ষেত্রে সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। পুরোনো লেকচার নোটের পৃষ্ঠাসংখ্যা হালনাগাদ করার জন্য তিনি অ্যানথ্রপিকের তৈরি এআই চ্যাটবট ক্লডকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কাজটি সম্পন্ন করতে গিয়ে চ্যাটবটটি ভুলবশত তাঁর পুরো এক বছরের লেকচার নোট এবং চলতি শিক্ষাবর্ষের মূল পাঠ্যসূচির ফাইলগুলো মুছে ফেলে।

ঘটনার বিবরণ দিয়ে অধ্যাপক বাউড সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, দুপুরের খাবার খেতে যাওয়ার আগে ক্লডকে সংবিধান বিষয়ক আইনের পুরোনো লেকচার নোটের পৃষ্ঠাসংখ্যা হালনাগাদ করতে বলেছিলেন। কিন্তু খাবার শেষে ফিরে এসে তিনি দেখতে পান তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ফাইল মুছে গেছে। এর মধ্যে ছিল পুরো এক বছরের ক্লাস নোট এবং ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষের চূড়ান্ত পাঠ্যসূচি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের পোস্টে ক্লডের সাথে কথোপকথনের একটি স্ক্রিনশটও প্রকাশ করেন ওই অধ্যাপক। সেখানে দেখা যায়, চ্যাটবটটি নিজেই ফাইলগুলো মুছে ফেলার বিষয়টি স্বীকার করেছে। ক্লডের বার্তায় উল্লেখ ছিল, ভুল করে ২০২৬ সালের শরৎকালীন শিক্ষাবর্ষের চূড়ান্ত পাঠ্যসূচির ফাইল এবং ২০২৩ সালের ক্লাস নোটের মূল ফোল্ডারগুলো মুছে গেছে এবং সেগুলো তাৎক্ষণিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব হয়নি।

চ্যাটবটটি আরও জানায়, নথি যাচাইয়ের সময় পৃষ্ঠাসংখ্যায় একটি ভুল খুঁজে পেয়েছিল সে। তবে মূল নোটে কোনো পরিবর্তন আনার আগেই ফাইলগুলো দুর্ঘটনাবশত মুছে যায়। পরবর্তীতে ক্লাউড স্টোরেজের মাধ্যমে ফাইলগুলো ফিরিয়ে আনা সম্ভব কি না, তা অধ্যাপক বাউডের কাছে জানতে চায় এআই সহকারীটি। অধ্যাপক বাউড পরবর্তীতে স্পষ্ট করেন যে, চ্যাটবটটিকে ফাইল গোছানো বা ফোল্ডার পুনর্বিন্যাসের কোনো নির্দেশ তিনি দেননি; কেবল পৃষ্ঠাসংখ্যা হালনাগাদ করাই ছিল তাঁর একমাত্র নির্দেশনা।

শেষ পর্যন্ত ক্লাউড ব্যাকআপ সেবা ড্রপবক্সের সহায়তায় হারিয়ে যাওয়া সব ফাইল পুনরুদ্ধার করতে সক্ষম হন অধ্যাপক বাউড। ফাইলগুলো ফিরে পেয়ে তিনি জানান, বিষয়টি অন্যদের সতর্ক করার জন্যই প্রকাশ্যে এনেছেন। তবে কম্পিউটারের ফাইল ব্যবস্থাপনায় এআই সহযোগীদের কতটা স্বাধীনতা দেওয়া নিরাপদ, এই ঘটনাটি সেই বিষয়ে নতুন বিতর্ক ও ভাবনার জন্ম দিয়েছে।

ট্যাগ:#কৃত্রিম বুদ্ধিমত্তা#এআই#চ্যাটবট#তথ্য প্রযুক্তি#যুক্তরাষ্ট্র
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন