কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ব্রাউজিং এজেন্টকে নিরাপদে প্রশিক্ষণ দিতে 'মিরর ডাইমেনশন' নামের একটি কৃত্রিম ডিজিটাল পরিবেশ বা কৃত্রিম ইন্টারনেট তৈরি করেছে গুগল। সেখানে ভার্চুয়াল কেনাকাটার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যম, বিভিন্ন কনটেন্ট ফিড ও ব্যাংকিং সেবার ড্যাশবোর্ডের মতো বাস্তবসম্মত নানা ওয়েবসাইট তৈরি করা হয়েছে। বাইরে থেকে দেখলে সবকিছুই আসল মনে হলেও এই পরিবেশের কোনোটিই প্রকৃত অনলাইন প্ল্যাটফর্ম নয়। ক্রোম ব্রাউজারের জেমিনাই-চালিত ‘অটো ব্রাউজ’ সুবিধার এআই এজেন্টকে বিভিন্ন ডিজিটাল কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে।
এই নিয়ন্ত্রিত ডিজিটাল পরিবেশে এআই নিজে থেকেই বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করা, বিভিন্ন লিংকে ক্লিক করা, অনলাইন ফরম পূরণ করা, পডকাস্ট নামানো কিংবা কেনাকাটার মতো কাজগুলো সম্পন্ন করতে পারে। তবে এসব কাজের জন্য এআইকে প্রকৃত কোনো ওয়েবসাইটে যেতে হয় না। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কিংবা বাস্তব অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে না।
দৈনন্দিন জীবনের বিভিন্ন অনলাইন কাজ নিজে থেকে করতে সক্ষম এআই এজেন্ট তৈরি করতে হলে বিপুল পরিমাণ পরীক্ষা চালাতে হয়। এ জন্য শত শত ওয়েবসাইটে হাজার হাজার পরীক্ষার প্রয়োজন পড়ে। কিন্তু প্রকৃত ইন্টারনেটে এ ধরনের পরীক্ষা চালানো বেশ কঠিন ও ঝুঁকিপূর্ণ। কারণ আসল ওয়েবসাইটগুলো নিয়মিত পরিবর্তিত হয়, ফলে একই পরিবেশে বারবার পরীক্ষা চালিয়ে নির্ভরযোগ্য ফলাফল পাওয়া যায় না। এর পাশাপাশি নিরাপত্তাঝুঁকি তো রয়েছেই। পুরোপুরি প্রস্তুত নয় এমন কোনো এআইকে সরাসরি আসল ইন্টারনেট ব্যবহারে ছেড়ে দিলে তার ভুল সিদ্ধান্তে ব্যবহারকারীর প্রকৃত অ্যাকাউন্টে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন বা অর্থনৈতিক ক্ষতি হতে পারে।
এ ছাড়া এআইয়ের কার্যকারিতা যাচাইয়ের ক্ষেত্রে ‘ইভাল্যুশন অ্যাওয়ারনেস’ নামের একটি প্রযুক্তিগত সমস্যা রয়েছে। আধুনিক এআই মডেলগুলো অনেক সময় টের পেয়ে যায় যে তাদের পরীক্ষা করা হচ্ছে। বিষয়টি আঁচ করতে পারলে এআই স্বাভাবিক আচরণ না করে অতিরিক্ত সতর্ক হয়ে যায়। ফলে বাস্তব পরিস্থিতিতে সে কীভাবে কাজ করবে, তা যাচাই করা কঠিন হয়ে পড়ে। এ সমস্যা এড়াতেই পুরো আসল ইন্টারনেটের রূপ দিয়ে কৃত্রিম ডিজিটাল পরিবেশ তৈরি করা হয়েছে।
এই ব্যবস্থা বাস্তবায়নে 'জিভাইজর' নামের একটি বিচ্ছিন্ন ও নিয়ন্ত্রিত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই পরিবেশে এআই কোনো পরিচিত ওয়েবসাইটে প্রবেশ করতে চাইলে তাকে ওই ওয়েবসাইটের একটি কৃত্রিম সংস্করণে নিয়ে যাওয়া হয়। তবে ব্রাউজারের ঠিকানার ঘরে আসল ঠিকানাই দেখায়, যাতে এআই বুঝতে না পারে যে সে কৃত্রিম সংস্করণ ব্যবহার করছে। পরীক্ষামূলক এই ব্যবস্থার জন্য বিশেষভাবে তৈরি ভুয়া ওয়েব সার্টিফিকেট ব্যবহার করা হয়েছে, যেন ব্রাউজার কোনো নিরাপত্তা সতর্কবার্তা না দেখিয়েই কৃত্রিম ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতে পারে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীদের ক্রোম ব্রাউজারে হ্যাকারদের পক্ষে এ ধরনের ব্যবস্থা তৈরি করা সম্ভব নয়। কারণ এটি কেবল গুগলের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন ব্যক্তিগত পরীক্ষামূলক নেটওয়ার্কে কাজ করে। পাশাপাশি প্রতিটি পরীক্ষা শুরুর আগে পরিবেশটিকে নতুন করে প্রস্তুত করা হয়, যাতে আগের পরীক্ষার কোনো প্রভাব পরবর্তী ফলাফলে না পড়ে।
হাজার হাজার বাস্তবসম্মত ওয়েবসাইট মানুষের হাতে তৈরি করা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এ সমস্যা সমাধানে একাধিক এআই এজেন্টকে কাজে লাগানো হয়েছে। প্রথমে গবেষণার দায়িত্বে থাকা এআই এজেন্ট ওয়েবসাইটের সুবিধাগুলো পরিকল্পনা করে, এরপর নির্মাণের দায়িত্বে থাকা এআই সেই অনুযায়ী কোড তৈরি করে। সবশেষে পর্যালোচনার দায়িত্বে থাকা এআই বিভিন্ন বাটনে ক্লিক করে ত্রুটি শনাক্ত ও সংশোধন করে। এই প্রক্রিয়ায় রান্নার রেসিপি, স্থানীয় কেনাবেচা ও ব্যাংকিং ড্যাশবোর্ডসহ নানা ধরনের কৃত্রিম ওয়েবসাইট তৈরি করা সম্ভব হয়েছে।
এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো ‘প্রম্পট ইনজেকশন’ সাইবার আক্রমণ থেকে ব্যবহারকারীদের সুরক্ষিত রাখা। এ ধরনের আক্রমণে হ্যাকাররা ওয়েবসাইটের ভেতরের কোডে ক্ষতিকর নির্দেশনা লুকিয়ে রাখে। এআই এজেন্ট ওই পেজে প্রবেশ করলে তা অনুসরণ করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে পারে। বর্তমানে এই স্বয়ংক্রিয় ব্যবস্থার সাহায্যে একজন নিরাপত্তা প্রকৌশলী প্রতিদিন এক হাজারের বেশি সম্ভাব্য সাইবার হামলার পরিস্থিতি তৈরি করে এআইকে পর্যবেক্ষণ করতে পারছেন, যা মানুষের সাধারণ কাজের তুলনায় অন্তত ৩০ গুণ দ্রুত।