তারুণ্যপ্রধান সংবাদ

পাঠের প্রয়োজনের বাইরে নিয়ন্ত্রিত হোক শিক্ষার্থীদের স্মার্ট ফোন ব্যবহার

বিশ্বের ৫৮% দেশ কিশোর-তরুণ শিক্ষার্থীদের স্মার্ট ফোন ব্যবহার নিয়ন্ত্রিত করেছে। এর মধ্যে রয়েছে নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া এবং আরও অনেক দেশ। কারণ স্মার্ট ফোন শিক্ষার্থীদের মনোযোগ অন্যদিকে ধাবিত করে তাদের পাঠভ্রষ্ট করে। এছাড়া তাদের সাইবার বুলিং এর শিকার হওয়ার আশঙ্কাও থাকে । যেসব দেশ শিক্ষার্থীদের মোবাইল ব্যবহারে অনাগ্রহ প্রকাশ করেছে তারা ধর্মান্ধ বা পশ্চাৎপদ দেশ নয়,,বরং আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে অগ্রসর দেশ। তারাও তরুণদের প্রযুক্তি জ্ঞানে এগিয়ে নিতে চান এবং সেজন্য স্মার্ট ফোনকে একমাত্র উপায় বলে বিবেচনা করেন না।অনভিজ্ঞ ছাত্রছাত্রী মোবাইলের আকর্ষণে শুধু পাঠ বিমুখ হয় না, অনেক লজ্জাজনক ঘটনার সঙ্গে তারা জড়িয়ে যায় এবং জীবন বিপদগ্রস্তও করে ফেলে। সত্যটা উপলব্ধি করতে পেরে উল্লিখিত দেশগুলো বিতর্কের উপরে থেকে শিক্ষার্থীদের স্মার্ট ফোন ব্যবহারে কড়াকড়ি আরোপ করেছে। এটা তাদের ব্যক্তিগত বা পারিবারিক সিদ্ধান্ত নয়, জাতীয়ভাবেই মোবাইল নিয়ন্ত্রণের উদ্যোগ গ্রহীত হয়েছে। মোবাইল নিয়ন্ত্রণের সুখবরটি বাংলাদেশ পর্যন্ত এসে পৌছায়নি এমন নয়, বাংলাদেশের অভিভাবকরা শিক্ষার্থী ছেলেমেয়েদের স্মার্ট ফোন ব্যবহার নিয়ে বড়ো দ্বন্দ্বে আছেন। একদিকে শিক্ষার্থীদের পাঠ প্রক্রিয়ার সাথে স্মার্ট ফোনের কোনো না কোনো রকম সম্পর্ক থাকে, আবার শিক্ষার্থীদের আসক্তিও থাকে স্মার্ট ফোনের ওপর , যা তার ভবিষ্যৎকে শেষ করে দিতে পারে চিরকালের জন্য। তাই তারা কী করণীয় ঠিক বুঝে উঠতে পারছেন না। ছেলেমেয়েদের পাঠ সংক্রান্ত প্রয়োজন শেষে মোবাইলটা নিয়ন্ত্রণ করতে পারলে হয়তো শিক্ষার্থীরা পাঠবিমুখ হতো না, বিপদের আশঙ্কা থেকেও তারা রক্ষা পেত। কিন্তু সেটা হওয়ার নয়, এবং হচ্ছেও না। অন্তত বাংলাদেশে স্মার্ট ফোন শিক্ষার্থীদের জন্য মোটেও ইতিবাচক ভূমিকা পালন করছে না,বরং দিন দিন ক্ষতিকারক হয়ে দাঁড়াচ্ছে।

যেসব ছাত্রছাত্রী পাঠে মনোযোগী নয়, ঘুম ও চোখের সমস্যায় ভুগছে এবং বদমেজাজি ভালো করে খবর নিলে জানা যাবে তাদের এসব সমস্যার মূলে রয়েছে স্মার্ট ফোনের সংস্পর্শ। আর একটা বিষয় লক্ষণীয়, অল্পবয়সীরা অনেকটা একা হয়েই মোবাইল ফোন ব্যবহার করে এবং দীর্ঘসময় কথা বলে। বুঝতে বাকী থাকে না যে, এই ফোন সংলাপ অশুভের সাথে। এটা সংলাপ নয়,এটা অভিসার।মোবাইল শুধু পড়াশোনা নষ্ট করে না, শিক্ষার্থীদের জীবনে নানারকম ঝুঁকিও বাড়িয়ে দেয়।

স্মার্ট ফোন নিয়ে বাংলাদেশী মানুষের আতঙ্কের কারণ খুব পরিষ্কার। অভিভাবকদের প্রত্যাশা তাদের ছেলেমেয়ে পড়াশোনার সফলতা নিয়ে একটা সুন্দর ভবিষ্যতে পৌঁছাবে। তারা মোবাইলকে ছেলেমেয়েদের বড় হওয়ার পথে অশুভ সংকেত বলে মনে করেন। তাই অভিভাবকদের মোবাইল ফোন নিয়ে এত দুর্ভাবনা। এটা এত দুর্ভাবনার কারণ বলেই তো সারা পৃথিবীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ইউনেস্কো স্মার্ট ফোন নিয়ন্ত্রণের সুপারিশ করেছে। আমরা মনে করি, স্কুলে হোক আর স্কুলের বাইরেই হোক, যখনই স্মার্ট ফোন ব্যবহার ঝুঁকিপূর্ণ তখনই তার নিয়ন্ত্রণ অভিভাবক হাতে নেবে। মায়া,মমতা,কোমলতা ভালো হলেও শিক্ষার্থী সন্তানের মোবাইল ফোন ব্যবহার রোধ করতে বরং কঠোরতাই ভালো। কঠোর হতে পারলে সেটা কল্যাণকরই হয়। ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের সময় যোগাযোগ মাধ্যমে দেখেছি, পরীক্ষায় ভালো রেজাল্ট করা একটি মেয়ে বলছে, বাবা তার মোবাইল ভেঙেছিল বলেই তার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং রেজাল্টও ভালো হয়েছে। এই শিক্ষাটুকু অভিভাবকরা নিতে পারেন, যখনই মোবাইল ছেলেমেয়েদের জন্য অশুভ বলে মনে হবে,তখনই মোবাইল ভাঙুন। মন খারাপের কারণ নেই, সব ভাঙা ভাঙা নয়, কিছু ভাঙা দিয়ে জীবন গড়ার যাত্রাও শুরু হয়। এবছরের এইচএসসি পরীক্ষায় পাশের শতকরা হারে এবং জিপিএ ৫ প্রাপ্তিতে যে আকাল নেমে আসে তার পেছনে স্মার্ট ফোনের মোটেও ভূমিকা ছিল না তা কি জোর দিয়ে বলা যায়।

প্রয়োজনের বাইরে স্মার্ট ফোন ব্যবহারে শিক্ষার্থীদের নিরুৎসাহিত করতে জাতীয় উদ্যোগের বিকল্প নেই। স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য স্মার্ট ফোন আদৌ কোনো আশীর্বাদ নয়।

ট্যাগ:#তারুণ্য#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন