উচ্চশিক্ষাপ্রধান সংবাদ

পূর্বনির্ধারিত সূচিতেই ভর্তি পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। আপিল বিভাগ হাইকোর্টের একটি আদেশ স্থগিত করার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে। এর আগে হাইকোর্টের দেওয়া এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ হাইকোর্টের রায় স্থগিত করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনে এখন আর কোনো আইনি বাধা নেই। এ সংক্রান্ত শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল জানান, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়সমূহ নিজেদের নিয়ম, পদ্ধতি ও আইন অনুযায়ী ভর্তি পরীক্ষা পরিচালনা করতে পারবে। এ বিষয়ে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টকে নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর হাইকোর্ট নির্দেশ দেন যে আগামী ৩১ ডিসেম্বরের আগে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ তাদের স্নাতক ভর্তি পরীক্ষা নিতে পারবে না। এদিকে ১ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে, যার ফল প্রকাশের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ২৩ ডিসেম্বর।

হাইকোর্টের সেই আদেশ চ্যালেঞ্জ করে গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশ চেয়ে চেম্বার আদালতে আবেদন জানায়। আদালত বিষয়টি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। পরবর্তীতে শুনানির পর আপিল বিভাগ হাইকোর্টের আদেশটি স্থগিত করেন, যা ভর্তি পরীক্ষা যথাসময়ে আয়োজনের পথ সুগম করে।

ট্যাগ:#ঢাকা বিশ্ববিদ্যালয়#ভর্তি পরীক্ষা#আপিল বিভাগ#উচ্চশিক্ষা#শিক্ষার্থী
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন