কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) অ্যাপ উন্নয়নের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করতে ‘ফায়ারবেইস স্টুডিও’ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। গুগলের নিজস্ব এআই মডেল জেমিনাইয়ের পরিসর বাড়াতে ‘অ্যান্টিগ্র্যাভিটি’ ও ‘গুগল এআই স্টুডিও’র মতো আধুনিক এআই কোডিং টুলগুলোকে প্রাধান্য দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইতিমধ্যে প্ল্যাটফর্মটিতে নতুন করে ব্যবহারকারী যুক্ত হওয়া এবং নতুন ওয়ার্কস্পেস তৈরির সুবিধা স্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। তবে ডেভেলপার ও ব্যবহারকারীরা যেন তাঁদের চলমান প্রজেক্ট ও তথ্য অন্য কোনো প্ল্যাটফর্মে স্থানান্তর করতে পারেন, সেজন্য ২০২৭ সালের ২২ মার্চ পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময় অতিক্রান্ত হলে পরিষেবাটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং সার্ভারে থাকা সব ডেটা মুছে দেওয়া হবে।
অ্যাপ তৈরির প্রক্রিয়ায় সাম্প্রতিক সময়ে এআই ব্যবহারের ধরনে দৃশ্যমান পরিবর্তন এসেছে। সরাসরি দীর্ঘ কোড লেখার বদলে প্রম্পটের ভিত্তিতে সফটওয়্যার উন্নয়নের প্রবৃত্তি ‘ভাইব কোডিং’ হিসেবে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এ কারণে প্রচলিত ইন্টারফেসের কোডিং টুলের প্রয়োজনীয়তা কমে আসছে।
ভবিষ্যতে গুগলের সেবার সঙ্গে যুক্ত থেকে কাজ চালাতে ডেভেলপারদের ‘গুগল এআই স্টুডিও’ অথবা ‘অ্যান্টিগ্র্যাভিটি’ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি এআইনির্ভর কোডিং সুবিধার জন্য অন্যান্য আধুনিক এআই এজেন্টের ব্যবহারের ওপরও জোর দিচ্ছেন সংশ্লিষ্ট প্রযুক্তি বিশেষজ্ঞরা।