বলিউডে এমন পরিচালক খুব কমই আছেন, যাঁর প্রতিটি ছবি দর্শকের মনে আলাদা আলো জ্বালায় এবং প্রচলিত ভাবনার সীমারেখা ভেঙে দেয়। সেই অনন্য নাম রাজকুমার হিরানি। ‘মুন্নাভাই এমবিবিএস’, ‘লাগে রাহো মুন্নাভাই’, ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’-র মতো জনপ্রিয় চলচ্চিত্রের সুবাদে তিনি বলিউডের অন্যতম প্রভাবশালী গল্পকার হিসেবে পরিচিত।
মহারাষ্ট্রের নাগপুরে ১৯৬২ সালের ২০ নভেম্বর এক সিন্ধি পরিবারে জন্মেছিলেন তিনি। বাবা সুরেশ হিরানি চেয়েছিলেন ছেলে ইঞ্জিনিয়ার হোক, কিন্তু রাজুর মন পড়ে ছিল সিনেমার দিকে। শেষ পর্যন্ত পুনের এফটিআইআইয়ে ভর্তি হলেও অভিনয়ে সুযোগ না পাওয়ায় তিনি সম্পাদনায় পড়াশোনা করেন। পরে এই দক্ষতাই তাঁর ক্যারিয়ারের প্রথম হাতিয়ার হয়ে ওঠে।
রাজকুমার হিরানির সিনেমাগুলো শুধু বাণিজ্যিক সাফল্যই পায়নি, বরং মানুষের মনস্তত্ত্ব, মানবিক দুর্বলতা এবং নৈতিক দ্বিধাদ্বন্দ্বকে অত্যন্ত সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছে। তিনি মানুষের আচরণ ও ছোট-বড় সিদ্ধান্তের পেছনের আবেগ নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে পারেন। তাঁর সিনেমাগুলোতে ভিলেনরাও পুরোপুরি খারাপ নন, বরং তাঁরা মানুষেরই ভঙ্গুরতা, ভয়, অহংকার বা ভুল শিক্ষার প্রতিচ্ছবি। ফলে দর্শক কখনো তাদের ঘৃণা করে না, বরং তাদের ভুল দেখে শিক্ষা নেয়।
হিরানির ছবিতে বারবার ফিরে আসে নিজের ভালো লাগার কাজটি করার তাগিদ, যার পেছনে রয়েছে তাঁর নিজের জীবনের দীর্ঘ লড়াইয়ের অভিজ্ঞতা। পরিবার চাইত তিনি নিরাপদ পেশা বেছে নেন, কিন্তু তাঁর স্বপ্ন ছিল সিনেমার জগতে কাজ করা। এফটিআইআইয়ে হতাশা এবং পরিবারকে বোঝানোর সেই সংগ্রাম পরবর্তী সময়ে তাঁর চলচ্চিত্রে প্রতিফলিত হয়েছে। ‘থ্রি ইডিয়টস’-এ ফারহানের বাবার কাছে ফটোগ্রাফির স্বপ্ন প্রকাশ করার দৃশ্যটি মূলত হিরানির নিজের জীবনেরই প্রতিফলন।
হিরানির জীবনদর্শন অত্যন্ত সহজ। তিনি বিশ্বাস করেন, জীবনে স্বাস্থ্যের অবনতি এবং দারিদ্র্যই সবচেয়ে বড় সমস্যা এবং ভয় মানুষের সবচেয়ে বড় শত্রু। ব্যক্তিগত জীবনে তিনি মুঠোফোন ও ইমেইল ব্যবহার থেকে দূরে থাকেন। তাঁর মতে, অতিরিক্ত প্রযুক্তিনির্ভরতা মানুষকে ক্লান্ত করে তোলে। শিক্ষা ও প্রযুক্তি নিয়ে তাঁর ভাবনা এবং চরিত্রগুলোর নামকরণের মধ্য দিয়েও ফুটিয়ে তোলা হয়েছে গভীর সমাজসচেতনতা ও দর্শন।
চলচ্চিত্রজীবনে অসাধারণ অবদানের জন্য রাজকুমার হিরানি তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কারসহ দেশ-বিদেশে নানা সম্মাননা অর্জন করেছেন। তাঁর ছবিগুলো শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের জীবনে আলো ফেলার এক শক্তিশালী হাতিয়ার। মানবিকতা, ব্যঙ্গ ও স্যাটায়ার, তীক্ষ্ণ সামাজিক পর্যবেক্ষণ এবং গল্পের গতিময়তা—এই চার স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে তাঁর চলচ্চিত্র, যা আজও দর্শককে হাসায়, কাঁদায় এবং নিজেদের দিকে তাকাতে শেখায়।