বাংলা ভাষার নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল তৈরি করতে চায় বাংলাদেশ। এ জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে ২৫০ মিলিয়ন ডলারের একটি কর্মসূচির অর্থায়ন চাওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়াও এতে অর্থায়ন করতে পারে এবং বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। এই কর্মসূচির আওতায় সাইবার নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তি ভিলেজ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সফর করেন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। সেখানে দেশটির শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকে বাংলা ভাষার এআই, কম্পিউটিং অবকাঠামো এবং প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ নিয়ে আলোচনা হয় এবং এসব ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হয়।
এ বিষয়ে এডিবির বাংলাদেশে কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং জানান, এডিবি ও সরকার ২৫০ মিলিয়ন ডলারের একটি সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা করছে। এ কর্মসূচিতে এআই, সাইবার নিরাপত্তা ও প্রযুক্তি ভিলেজ অন্তর্ভুক্ত রয়েছে। চলমান আলোচনা এবং সাম্প্রতিক কোরিয়া সফরের ধারাবাহিকতায় এসব বিষয় নিয়ে কাজ চলছে। অর্থায়নের কাঠামো ও বাস্তবায়নের সময়সূচি এখনো চূড়ান্ত করা হচ্ছে এবং সরকার ডিসেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে সমন্বিত অর্থায়ন প্রস্তাব জমা দেবে বলে আশা করা হচ্ছে।
সাইবার নিরাপত্তা প্রকল্পের প্রস্তুতির কাজ ইতোমধ্যে এগিয়েছে এবং ২০২৭ সালে প্রকল্পটি অনুমোদনের লক্ষ্য নির্ধারণ করেছে এডিবি। অন্যদিকে, এআই ও প্রযুক্তি ভিলেজের জন্য কয়েক ধাপে বিনিয়োগ করা হতে পারে। তবে এর আগে কারিগরি সমীক্ষা ও প্রকল্পের প্রস্তুতি শেষ করতে হবে এবং সম্ভাব্য কোরীয় অংশীদারদের সঙ্গেও আলোচনা করতে হবে। পুরো কর্মসূচি কবে অনুমোদন পাবে, তা এখনো ঠিক হয়নি এবং প্রকল্প কতটা প্রস্তুত, তার ওপর অনুমোদনের সময় নির্ভর করবে।
বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি নিয়ে এডিবির চলমান কারিগরি সহায়তা থেকেই প্রস্তাবিত বিনিয়োগের ভিত্তি তৈরি হয়েছে। এই সহায়তার আওতায় সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানোর কাজও চলছে। এছাড়া কোরিয়ার এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক বা কেক্সিম এই বিষয়ে আগ্রহ দেখিয়েছে, ফলে যৌথ অর্থায়নের সুযোগ খতিয়ে দেখা হচ্ছে। এডিবি ও কোরিয়ার মধ্যে বিদ্যমান একটি কাঠামোর আওতায় ২০২৭ সাল পর্যন্ত যৌথ অর্থায়নের কর্মসূচি রয়েছে।
সিউলের বৈঠকে দক্ষিণ কোরিয়ার এলজি এআই রিসার্চ ও ফুরিওসাএআইয়ের সঙ্গে অংশীদারত্বের সুযোগ চিহ্নিত করা হয়েছে। এর মাধ্যমে বাংলা ভাষার মডেল তৈরি এবং কম্পিউটিং সক্ষমতা বাড়ানো সম্ভব। বাংলাদেশের পক্ষ থেকে বাংলা ভাষার জন্য একটি স্বতন্ত্র লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল তৈরির সম্ভাবনা তুলে ধরা হয়েছে। এ ক্ষেত্রে দক্ষিণ কোরিয়ার এলজি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানের আঞ্চলিক ভাষার মডেল ‘এক্সাওন’-এর অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
প্রস্তাবিত নিজস্ব এআই মডেলের লক্ষ্য হলো সরকারি ও বেসরকারি খাতের তথ্য প্রক্রিয়াকরণ এবং ডিজিটাল সেবা দেওয়ার সক্ষমতা বাড়ানো। স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি ও সরকারি সেবার মান বাড়াতে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে আরও দক্ষ করে তুলতে এই এআই কাজ করবে। এছাড়া কোরীয় প্রতিষ্ঠান, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং প্রযুক্তি ভিলেজের মধ্যে অংশীদারত্ব গড়ে উঠলে ব্যবহারিক প্রশিক্ষণ, গবেষণা ও নতুন ব্যবসা উদ্যোগ গড়ে তুলতে সহায়তা মিলবে।
এডিবির কর্মকর্তারা সিউল সফরকে বাংলাদেশের ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট’ বা আইজিএনডি উদ্যোগে বিনিয়োগ আকর্ষণের প্রথম আন্তর্জাতিক প্রচার কার্যক্রম হিসেবে বর্ণনা করেছেন। সরকারি মালিকানাধীন এই উদ্যোগে যোগাযোগব্যবস্থা শক্তিশালী করা, ঝুঁকি মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। এই উদ্যোগে ২০ বছরে প্রায় ৮ হাজার কোটি ডলারের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে, যার মধ্যে পাঁচ বছরে সর্বোচ্চ ৫০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এডিবি।