অচেনা সৌন্দর্য মন্ডিত থাকেন বাংলাদেশের আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। তার পোশাক ও অলঙ্কার দেশীয় কিন্তু নিজেকে সাজাবার ঢংটা এতো নতুন যে ফ্যাশনপ্রিয় চোখ তাঁকে দেখলে থমকে দাঁড়ায়। তাঁর ফ্যাশন চোখ কাড়ে,মন কাড়ে, খুব ভাবিয়েও তোলে। বিশ্ব ফ্যাশনের তোলপাড়করা শহর লন্ডনে শিক্ষা ও সংস্কৃতি চর্চা হলেও মনে ও সাজে তার বাংলাদেশি ঐতিহ্যের রূপ-সৌন্দর্য।
৭৬ বছরের হিরন্ময় তরুণী বিবি রাসেল। ১৯৯৪ সালে লন্ডন থেকে বাংলাদেশে ফিরে বাংলার চিরচেনা তিনহাতের গামছাকে ফ্যাশনের সৌন্দর্যে বিবমঞ্চে তুলে ছিলেন। তখন গামছা আর প্রতিদিনের হাতমুখ মোছার সেবক থাকেনি, হয়ে উঠেছিল শাড়ি ও পাঞ্জাবির মত ঐতিহ্যেবাহী পরিধেয় বস্ত্র। ১৯৯৫ সালে বিবি রাসেলের প্রতিষ্ঠিত ‘ বিবি প্রডাকশন ' পথেবসা প্রান্তিক তাঁতিদের টেনে
তুলেছিল। তার মহান উদ্দেশ্য ছিল তাঁতিদের স্বাবলম্বী করা ও দেশের কারিগরদের হাতেগড়া নিপুণ শিল্প বিশ্বমানে উন্নীত করা। বাংলার ঐতিহ্যের রূপসৌন্দর্যে তাঁত খাদিকে ফ্যাশনপ্রিয় বিশ্বের নজরে আনতে বিবি রাসেল পেরেছিলেন। লন্ডন থেকে ফিরে এসে ‘বিবি প্রডাকশন'এর মাধ্যমে ৩৫ হাজার তাঁতিকে তাঁর সাথে কাজে যুক্ত করে স্বাবলম্বী করেন। ‘ বিবি প্রডাকশন' প্রতিষ্ঠিত হওয়ার আগে দেশীয় তাঁত ও খাদিশিল্প মুখ থুবড়ে পড়ে। মানুষের আগ্রহ এমন এক অলৌকিক তাগিদ যা নির্দিষ্ট মানুষকে তার পাশের ভুবনটাকেও বদলে দেয়। বিবির ক্ষেত্রে তাই ঘটেছিল।
বিবি রাসেল জন্মেছেন চট্টগ্রামে, ১৯৫০ সালে। পড়াশোনা করেছেন কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ও হোম ইকোনোমিকস কলেজে। বাবার টানাপোড়েনের সংসার তাকে শিক্ষা দেয় আত্মপ্রতিষ্ঠিত হতে,আত্মপ্রত্যয়ী হতে। ষোলো বছর বয়সে বাবার আনা শআনেলের একটি ফ্যাশন ম্যাগাজিন দেখে তাঁর জীবনের লক্ষ্য নির্ধারিত হয়েছিল। দেশে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করে লন্ডনে যান। ১৯৭৫ সালে লন্ডন কলেজ অব ফ্যাশন থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। এরপর মডেল তারকা হয়ে কাজ করেন ‘কসমোপলিটান',,
’হার্পারস বাজার',
‘শানেল’, ‘আর্মানি’ ও ‘ ইভ সাঁ লোরা’র মতো ব্রাডের সাথে। স্পেন,ইউনেস্কো ও বাংলাদেশ সরকার তাঁকে সম্মানের পদক দিয়েছেন।
বিবি রাসেল ফ্যাশনের দুনিয়ায় এক অহংকার। তিনি বাংলাদেশেরও দীপ্ত অহংকার। কোভিড-১৯ এর সময় তার পরিবার দেশের বাইরে গেলেও তাঁতশিল্পের কারিগরদের রেখে তিনি দেশ ছাড়েননি। তিনি বলেছেন, তাঁত ও খাদির মতো ধনেখালি শাড়িতেও দেশীয় বোধ সঞ্চারিত নতুন সৌন্দর্য রূপদান করবেন। দেশের কাঁথা ও পাটের পণ্যে তাঁর চোখ না পড়ে থাকলে তার চোখ পড়াতে যদি কিছু করা যেত।