বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা দেওয়ার নিয়ম কঠোর হওয়ার কারণে উচ্চশিক্ষার বৈশ্বিক মানচিত্রে পরিবর্তন আসছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো প্রথাগত জনপ্রিয় গন্তব্যের বিকল্প হিসেবে এশিয়া ও ইউরোপের মূল ভূখণ্ডের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে ঝুঁকছেন।
সম্প্রতি প্রকাশিত এক বৈশ্বিক বিশ্ববিদ্যালয় জরিপে এই তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক শিক্ষার্থীরা সাধারণত স্থানীয় শিক্ষার্থীদের তুলনায় অনেক বেশি টিউশন ফি দিয়ে থাকেন, যা সংশ্লিষ্ট দেশগুলোর বিশ্ববিদ্যালয়ের আয়ের একটি বড় উৎস। এই অর্থ শিক্ষাদান ও গবেষণার ব্যয় মেটাতে সহায়তা করে।
স্টাডিপোর্টালস, নাফসা ও অক্সফোর্ড টেস্ট অব ইংলিশ যৌথভাবে ৬৩টি দেশের ৪৩৭টি বিশ্ববিদ্যালয়ের ওপর এই জরিপ পরিচালনা করে। জরিপে দেখা গেছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির সংখ্যা সবচেয়ে বেশি কমেছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, একটি নির্দিষ্ট সময়ে আগের বছরের তুলনায় যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি কমেছে ১৯ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ১৩ শতাংশ। পাশাপাশি, উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে কানাডা ও অস্ট্রেলিয়ার প্রতিও শিক্ষার্থীদের আগ্রহ উল্লেখযোগ্য হারে কমেছে।
অন্যদিকে, এশিয়া এবং যুক্তরাজ্য বাদে ইউরোপের অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি পেয়েছে। স্টাডিপোর্টালস হলো নেদারল্যান্ডসভিত্তিক শিক্ষার্থী নিয়োগ প্ল্যাটফর্ম, নাফসা যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক শিক্ষার প্রসারে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান এবং অক্সফোর্ড টেস্ট অব ইংলিশ পরিচালনা করে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।
ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি হতাশ যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। দেশটির এক-তৃতীয়াংশের বেশি প্রতিষ্ঠান আশঙ্কা করছে যে আগামী বছরগুলোতে শিক্ষার্থী ভর্তি আরও কমবে। জরিপে আরও দেখা গেছে, শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভিসার কঠোর বিধিনিষেধ ও সরকারি নীতিমালা।
ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, যাচাই-বাছাই কঠোর করা এবং পড়াশোনা শেষে কাজের সুযোগসংক্রান্ত নিয়মে পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা ভর্তি হওয়ার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছেন বা পুরোপুরি বাদ দিচ্ছেন। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি বাড়ানো, সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম যাচাই, ভিসা বাতিল এবং দেশটিতে অবস্থানের মেয়াদ কমানোর নিয়ম চালুর পর থেকেই মূলত এই আগ্রহ কমতে শুরু করে।
এদিকে, অভিবাসন কমানোর লক্ষ্যে যুক্তরাজ্যেও সরকার স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করেছে। এর অংশ হিসেবে বেশির ভাগ আন্তর্জাতিক শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে নেওয়ার সুযোগ সীমিত করা হয়েছে। পাশাপাশি, পড়াশোনা শেষে স্নাতকদের কাজ করা বা চাকরি খোঁজার জন্য দেশটিতে থাকার সময়সীমা কমানোর পরিকল্পনাও বিবেচনাধীন রয়েছে।
নাফসার নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ফান্তা আও জানান, এই জরিপের ফল তাদের আগের পর্যবেক্ষণকেই সমর্থন করে। কোথায় পড়াশোনা করবেন, গবেষণা করবেন কিংবা কর্মজীবন শুরু করবেন—এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে বিভিন্ন দেশের জাতীয় নীতিমালা অত্যন্ত গুরুত্ব বহন করে।