সম্পাদকীয় কলামসম্পাদকীয় কলাম

শিক্ষার্থীদের গন্তব্যের ঠিকানা ও প্রাসঙ্গিক ভাবনা

আমাদের দেশে অসংখ্য স্কুল-কলেজ। এইসব শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করে। তাদের নিয়ে হাজার গল্প নিয়ত মানুষের মনে রচিত হচ্ছে। সেসব গল্প প্রকাশ্যেও এসেছে বহুবার এবং সেগুলো আশাব্যঞ্জক। দেশের ভাবনা , মেধাবী শিক্ষার্থীরা একদিন দেশের চেহারা মনের মতো করে বদলে দেবে। বিশিষ্টরা ভাবতে পারেন, স্বাধীনতার পর অর্ধ শতাব্দীর বেশি সময় পার হয়ে গেলেও আমাদের দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে অনগ্রসর, সমকালীন প্রজন্ম থেকে কিছু উদ্ভাবক, কিছু বিজ্ঞানী বেরিয়ে আসা দরকার । কেউ হয়তো এমনও ভাবতে পারেন, আমাদের কোনো রাষ্ট্রীয় শৃঙ্খলা নেই, নতুন প্রজন্ম থেকে ব্যতিক্রম নেতৃত্বের আবির্ভাব হোক, যাদের বুদ্ধির তীক্ষ্ণতা ও সাহসী পদক্ষেপ দেশের সমাজ ও রাষ্ট্রচিন্তায় প্রত্যাশিত পরিবর্তন আনবে। শিক্ষার্থীদের সম্ভাবনা নিয়ে এমন চিন্তা সমাজের বিশিষ্ট শ্রেণির। এরা শিক্ষার্থীদের চেতনার কাছে দেশের নতুন অবয়ব আশা করেন। তাঁদের এ ভাবনা গুরুত্ব বহন করে। তাদের ভাবনার প্রভাবে বড়ো পরিবর্তন না হলেও ক্ষুদ্রকায় ও বিচ্ছিন্ন পরিবর্তন যে হয়, তা অস্বীকার করা যায় না। সে পরিবর্তন আমাদের চোখেও পড়ে, কিন্তু তা ধারাবাহিক হয় না, কতিপয়ের উগ্রতা ও স্বেচ্ছাচারিতার আক্রমণে তা স্তব্ধ হয়ে যায় । প্রতিপক্ষের সাথে লড়াই করার ইচ্ছেটা এখন দমিয়ে রাখি, কারণ আজকের প্রসঙ্গ শিক্ষার্থীদের নিয়ে।

শিক্ষার্থীদের নিয়ে ব্যক্তি পর্যায়েও উদ্বেগ কম নয়। সচেতন শিক্ষার্থীরা মনের গভীরে একটা ভালো গন্তব্যের ঠিকানা লালন করে। মনে মুদ্রিত গন্তব্যের ঠিকানাই তার প্রেরণা। সে নিজের পছন্দ মতো বড়ো একটা কিছু হতে চায়- ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ, আইনজীবী, কেউ কেউ হয়তো অর্থের সমাগম হয়, এমন একটা কিছু। তাদের হয়ে ওঠার ইচ্ছার সবটাই সুন্দর। শিক্ষার্থীদের কিছু একটা হতে চাওয়ার সাথে অভিভাবকদের কখনো মেলে, কখনো মেলে না। তবে বাবা-মা যে সন্তানের বড় হওয়া মনেপ্রাণে কামনা করেন তাতে কি আর দ্বিমত পোষণ করা যায় ? যায় না। ছাত্রছাত্রীদের পড়াশোনা, উচ্চশিক্ষা প্রসঙ্গে একটা বিষয়ের প্রায়ই অবতারণা হয়, আর তা হলো তাদের মেধা। যারা পড়াশোনায় আশানুরূপ ভালো করতে পারে না তাদের মেধা নেই বলে ভালো না করতে পারার দায় থেকে মুক্তি দেওয়া হয়। মেধা আসলে কী? সাধারণভাবে মেধা বলতে বোঝায়, মনে রাখার ক্ষমতা, নির্ধারিত বিষয় বোঝার ক্ষমতা আর প্রয়োজনে তা প্রকাশ করার দক্ষতা। যারা শিক্ষার্থীদের নিয়ে বছরের পর বছর কাজ করেন, যারা শিক্ষার্থী সন্তানের পড়াশোনা দায়িত্বের সাথেে পর্যবেক্ষণ করেন তাদের কাছে মেধাবী আর মেধাহীনের পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। যে পাঠচর্চায় মনোযোগী আর পরিশ্রমী তাকে কখনো মেধাহীন বলে মনে হবে না। এমন শিক্ষার্থী আছে যারা সহজেই মনে রাখতে পারে এবং বোঝেও কিন্তু অলসতা ও আগ্রহের অভাবে তারা অল্পকালের মধ্যে পাঠের অধ্যায় থেকে বিদায় নেয়।

স্বপ্নের পথে সে এগিয়ে যায় যে মনোযোগী, পরিশ্রমী ও সময়ের মূল্য বোঝে। আর যে স্বাপ্নিক বাস্তবতার মুখোমুখি হতে চায় না, তার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়, সত্য হয় না। এমন দৃষ্টান্তও আছে,একসময়ের পিছিয়ে পড়া মেধাহীন শিক্ষার্থী উপযুক্ত যত্ন ও শৃঙ্খলা পেয়ে পেছনের বদনাম ঘুচিয়ে ফেলতে পেরেছে । পরবর্তীতে তার অভিযাত্রা হয় সম্ভাবনাময় জীবনের দিকে। অভিজ্ঞ-প্রাজ্ঞদের অনেকের অভিমত, সাধনার শক্তিই মেধা। একালেও যেসব শিক্ষার্থীরা নিজগুণে পরীক্ষায় ভালো করে তাদের পাঠের ইতিহাস জুড়ে আছে মনোযোগ, শ্রম আর নিখুঁত শৃঙ্খলা। মেধা নেই, তাই পড়াশোনায় ভালো না- এ যুক্তিতে সান্ত্বনা আছে, কিন্তু তাতে সম্ভাবনা নেই । মোদ্দা কথা, শিক্ষার্থীকে তার স্বপ্নের দেশে পৌছে দেওয়ার জন্য তাকে মনোযোগী ও পরিশ্রমী করতে যে চিকিৎসা প্রয়োজন তা-ই তাকে দিতে হবে। মাঝির বুদ্ধি ও সাহস অপরিমেয় কিন্তু হাতে বৈঠা নেই, সে কেমন করে নদী পার হবে,কেমন করে পৌঁছাবে ওপারে । শিক্ষার্থীর আগ্রহ আর শ্রম দেওয়ার ধৈর্যই তার নদী পার হওয়ার বৈঠা। মেধা নেই- কথাটি অজুহাত মাত্র। আগ্রহ ও পরিশ্রম ছাড়া জীবনে কারো বড়ো হওয়ার ইতিহাস আছে বলে জানা নেই।

মেধাবী আর মেধাহীনের গল্পটা আর বলে বেড়ানো ভালো হবে না বলে মনে করি। বরং বড়ো কাজ হচ্ছে শিক্ষার্থীদের মনকে কী করে পাঠের প্রতি আকৃষ্ট করা যায় সেই চেষ্টায় সমাজের মনোযোগী হওয়া। তাদের জন্য চাই স্নেহ,যত্ন, ভালোবাসা, উপদেশ, অনুপ্রেরণা ও বড়ো মাপের মানুষের দৃষ্টান্ত যাতে একটা ভালো গন্তব্যের ঠিকানা খুঁজে পেতে শিক্ষার্থীর মনে প্রবল আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। ধূর্ত মানুষের চেহারা যাতে শিক্ষার্থীকে আকৃষ্ট করতে না পারে সমাজের কর্তব্য হবে সেই চেষ্টায় সক্রিয় হয়ে ওঠা ।

সব বয়সের এবং সব পর্যায়ের শিক্ষার্থীরা পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সাহচর্যে বেড়ে ওঠে। দুটি সামাজিক প্রতিষ্ঠানেরই দায়িত্ব হচ্ছে পর্যবেক্ষণের ভিত্তিতে শিক্ষার্থীদের মানস গঠন। কেমন যত্ন ও সেবাদানে তারা উজ্জীবিত হবে এবং প্রকৃৃত জীবনের মর্ম নিজের মতো করে উপলব্ধি করতে সক্ষম হবে সেই দায়িত্ব পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর অর্পিত। বাবা-মায়ের উপদেশ একজন শিক্ষার্থী সন্তানের জীবনভাবনা বদলে দিতে পারে। শিক্ষকের আদর্শ ও জ্ঞানগর্ভ ভাষ্য শিক্ষার্থীদের অনন্য চেতনায় উদ্দীপিত করতে পারে। এমন ইতিহাস অনেক। কিন্তু তারপরও কথা থাকে। আমরা সভ্যতার চরম উৎকর্ষের যুগে বসবাস করলেও এই সময়টা এমনই অপকৃষ্ট যা নবীন তরুণদের

বিপথগামী করতে পারে মুহূর্তের প্ররোচনা। আর এই পরিবেশের শিকার হয়েই আমাদের সম্ভাবনাময় শিক্ষার্থীশ্রেণি পাঠ থেকে মুখ ফিরিয়ে অমনোযোগী, উদাসীন ও স্বেচ্ছাচারী হয়ে ওঠছে। বৈরী সময় তাদের সব সম্ভাবনা রহিত করে দিতে ভয়াল হাতের থাবা বাড়িয়ে আছে । তাই শিক্ষার্থীদের পাঠের অনুশীলনে উদ্বুদ্ধ করতে পরিবেশের সংস্কারও জরুরি হয়ে পড়েছে।

রাজনীতির খাতায় নাম লেখালে শিক্ষার্থীর হাতের মুঠোয় অর্থ ও শক্তি সঞ্চিত হওয়ার দৃষ্টান্ত চোখে পড়লে অনেক শিক্ষার্থীরই পাঠ থেকে মনোযোগ সরে যাওয়ার কথা । তখন পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মানুষ গড়ার পরিকল্পনা আর কিছুতেই কার্যকর থাকে না। শিক্ষার্থীকে তার প্রিয় গন্তব্যের ঠিকানায় পৌঁছাতে হলে এই সময়ের জঞ্জাল থেকে তাদের বাঁচাতে হবে।

অতএব শিক্ষার্থী শেষপর্যন্ত তার স্বপ্নের গল্পটি রচনা করতে পারবে না যদি শুদ্ধ ও পরিচ্ছন্ন সামাজিক পরিবেশ তার পাশে এসে না দাঁড়ায়।

ট্যাগ:#সম্পাদকীয় কলাম#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন