বাংলাদেশপ্রধান সংবাদ

সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী জিপ উল্টে আহত ৭

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি থেকে পর্যটকদের নিয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরোনো জিপ বা চাঁদের গাড়ি উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজন পর্যটক আহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে সাজেকের হাউজপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তিরা সবাই মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার বাসিন্দা। আহত ব্যক্তিরা হলেন মো. আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার (৪৫), মো. আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) এবং মোছা. আশা (১৩)। স্থানীয় সূত্রে জানা যায়, সাজেক ভ্রমণ শেষে পর্যটকদের নিয়ে জিপগাড়িটি খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছিল। পথে হাউজপাড়া এলাকায় পৌঁছালে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি সড়কের পাশে উল্টে যায়। সে সময় গাড়িটিতে মোট ১২ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে অন্য একটি গাড়িতে করে খাগড়াছড়িতে পাঠানো হয়। এ বিষয়ে জানতে চাইলে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, তারা দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দিয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণসহ বিস্তারিত তথ্য পরে জানানো সম্ভব হবে।

ট্যাগ:#সাজেক#পর্যটক আহত#দুর্ঘটনা#রাঙামাটি#পর্যটন
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন