স্কুলে যন্ত্র কেনা নয়, শেখাতে হবে এআইয়ের ভুল ধরতে

২০২৭ সাল থেকে বাংলাদেশের ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শেখানোর পরিকল্পনা করেছে সরকার। উদ্যোগটি নিঃসন্দেহে ভালো। তবে প্রশ্ন হলো, শিক্ষার্থীদের আমরা ঠিক কী শেখাব? চ্যাটজিপিটি চালানো? নাকি এমন কিছু, যা শিখলে আজকের এআই বুঝতে পারবে, ভুল ধরতে পারবে এবং আগামী দিনের নতুন প্রযুক্তিও তৈরি করতে পারবে?

কয়েক বছর আগে সবাইকে কোডিং শেখানোর পরিকল্পনা নিয়ে একটি লেখা লিখেছিলাম। যার শিরোনাম ছিল ‘কোডিং শিখে করাত চালাব, না কাঠমিস্ত্রি হব?’ কথাটি আজও প্রাসঙ্গিক। শুধু করাত চালাতে জানলেই যেমন কাঠমিস্ত্রি হওয়া যায় না, তেমনি এআইয়ের নানা সফটওয়্যার ব্যবহার জানলেই এআই বোঝা যায় না। সফটওয়্যার বদলাবে, কিন্তু গণিত, যুক্তি, পরিসংখ্যান আর প্রশ্ন করার অভ্যাস চিরস্থায়ী। এগুলো শেখানোর জন্য কি প্রতিটি স্কুলে দামি কম্পিউটার লাগবে? আমার মনে হয় না। কয়েকটি উদাহরণ দিয়ে বিষয়টি স্পষ্ট করা যাক।

ষষ্ঠ শ্রেণির কথাই ধরা যাক। বাংলাদেশে গরমকাল মানেই আম। ল্যাংড়া, হিমসাগর, ফজলি, গোপালভোগ—কত জাতের আম! কোনোটি লম্বা, কোনোটি গোল। রং আর গড়নেও পার্থক্য আছে। অভিজ্ঞ মানুষ অনেক সময় দেখেই আমের জাত বলে দিতে পারেন। কিন্তু কীভাবে? শিক্ষক কয়েক জাতের আমের ছবি দিলেন। শিক্ষার্থীদের কাজ হলো কোন আমের কী বৈশিষ্ট্য তা কাগজে লেখা। কোন বৈশিষ্ট্য সবার মধ্যে আছে এবং কোনটি দেখে একটি জাতকে অন্যটি থেকে আলাদা করা যায় তা নির্ধারণ করা। এবার নতুন একটি আমের ছবি দিয়ে আগের নিয়ম মেনে তার জাত চিনতে বলা হলো। ভুল হতেই পারে। শুধু রং দেখে জাত ধরলে অনেক সময় মিলবে না। তখন বোঝা যাবে, ঠিক বৈশিষ্ট্য বেছে নেওয়া কত জরুরি। কম্পিউটারও অনেকটা এভাবেই ধরন চিনতে শেখে, যাকে বলে প্যাটার্ন রিকগনিশন। কোনো কম্পিউটার ছাড়াই শিশুরা বিষয়টি বুঝতে শুরু করতে পারে।

এবার সপ্তম শ্রেণির উদাহরণ দেওয়া যাক। ধরুন, সরকার বন্যা বা ঘূর্ণিঝড়ের খবর মানুষকে কীভাবে জানাবে, তা ঠিক করতে চায়। শিক্ষার্থীরা দশজন বন্ধুকে জিজ্ঞেস করল। আটজন বলল, মোবাইল অ্যাপ সবচেয়ে ভালো। কিন্তু উপকূলের জেলেদের কথা বা চরের মানুষের কথা কি কেউ ভাবল? যাঁদের স্মার্টফোন নেই, তাঁদের কী হবে? ঝড়ে ইন্টারনেট বন্ধ হয়ে গেলে কী করা হবে? শিক্ষক প্রশ্ন করবেন, দশজন বন্ধুর মতামত কি পুরো বাংলাদেশের মতামত? শিক্ষার্থীরা বুঝবে, শুধু তথ্য জোগাড় করলেই হয় না, কার কাছ থেকে তথ্য নিচ্ছি সেটাও দেখতে হয়। না হলে সিদ্ধান্তে পক্ষপাত ঢুকে যেতে পারে। এআইকে ভুল তথ্য দিয়ে শেখালেও একই সমস্যা হতে পারে। আর দুর্যোগের সময় এমন ভুল মানুষের জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে।

অষ্টম শ্রেণিতে আরেকটি ঘটনা দেখা যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন পরিচিত চিকিৎসকের ভিডিও ছড়িয়ে পড়েছে। তিনি নাকি বলছেন, ডেঙ্গু হলে চিকিৎসকের কাছে যাওয়ার দরকার নেই। তাঁর মুখ দেখা যাচ্ছে, কণ্ঠও শোনা যাচ্ছে। অনেকেই ভিডিওটি শেয়ার করছেন। তাহলে কথাটি কি সত্যি? শিক্ষক ভিডিওর দাবি ও কয়েকটি খবরের কাগজের প্রতিবেদন ছাপিয়ে দিলেন। শিক্ষার্থীরা খুঁজবে, ভিডিওটি প্রথম কোথায় এসেছে, চিকিৎসক সত্যিই কথাটি বলেছেন কি না, কিংবা ভিডিওর কোনো অংশ কেটে দেওয়া হয়েছে কি না। এমন নকল ভিডিওকে বলা হয় ডিপফেক। তবে সব মিথ্যা ভিডিও ডিপফেক নয়, সত্যি ভিডিওও ভুল প্রসঙ্গে ছড়ানো যায়। তাই শুধু চোখে দেখে সিদ্ধান্ত না নিয়ে উৎস ও প্রমাণ দেখা জরুরি।

নবম-দশম শ্রেণিতে আসি। একটি হাসপাতালে ১০০ জন রোগী এলেন। তাঁদের ১০ জনের নিউমোনিয়া আছে, বাকি ৯০ জনের নেই। একটি এআই সবাইকে বলল, ‘আপনার নিউমোনিয়া নেই।’ হিসাব করলে দেখা যাবে, ১০০ জনের ৯০ জনের ক্ষেত্রেই তার কথা ঠিক। অর্থাৎ নির্ভুলতা ৯০ শতাংশ। কিন্তু অসুস্থ দশজনের একজনকেও তো সে ধরতে পারল না! এবার আরেকটি এআই, সেটিও ৯০ শতাংশ সঠিক। তবে অসুস্থ দশজনের আটজনকে ঠিক চিনেছে, আবার ভুল করে আটজন সুস্থ মানুষকেও অসুস্থ বলেছে। কোন এআইটি ভালো? রোগ থাকা সত্ত্বেও ‘নেই’ বলা বেশি বিপজ্জনক, নাকি রোগ না থাকলেও ‘আছে’ বলা? শিক্ষার্থীরা অঙ্ক কষে বুঝবে, শুধু একটি শতাংশ দেখে এআই বিচার করা যায় না। কী ভুল হচ্ছে এবং কার ক্ষতি হচ্ছে, তাও জানতে হয়।

একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষার্থীরা নিজেরাই ছোট গবেষণা করতে পারে। ধরুন, ফোনে কথা শুনে সাহায্য পাঠাবে এমন একটি এআই তৈরি হলো। সেটি কি সিলেট, চট্টগ্রাম, রংপুর আর ঢাকার মানুষের কথা সমান ভালো বুঝবে? প্রতিটি অঞ্চল থেকে পাঁচজন করে মানুষের সম্মতি নিয়ে নির্ধারিত কয়েকটি বাক্য রেকর্ড করা হলো। এআই স্বয়ংক্রিয়ভাবে রেকর্ড করা বাক্যগুলো বাংলায় লিখে দিল। এবার নির্ধারিত বাক্যগুলোর সঙ্গে এআইয়ের শনাক্ত করা বাক্যগুলোর মিল-অমিল দেখে ভুল গোনা হবে। এক অঞ্চলে প্রতি ১০০ শব্দে পাঁচটি ভুল হলো, অন্য অঞ্চলে ২৫টি। কেন এমন হলো? কোনো অঞ্চলের উচ্চারণ কি এআই কম শুনেছে? নাকি রেকর্ডিংয়ে শব্দ বেশি ছিল? এভাবেই শিক্ষার্থীরা গবেষণার প্রশ্ন করা, পরীক্ষা সাজানো, ফল মাপা এবং নিজের গবেষণার দুর্বলতা বোঝা শিখবে।

এআই শিক্ষা শুনলেই হয়তো কেনাকাটার তালিকা শুরু হয়ে যাবে। কত কম্পিউটার, কত রোবট, কত এআর-ভিআর যন্ত্র বা সফটওয়্যারের সাবস্ক্রিপশন লাগবে—তারপর কোটি টাকার প্রকল্প। শিক্ষক প্রশিক্ষণ অবশ্যই দরকার এবং বাস্তবে এআই ব্যবহারের সুযোগও দিতে হবে। কিন্তু শুরুটা কেন যন্ত্র কেনা দিয়ে হবে? আমরা চাইলে বিদ্যমান গণিত, বিজ্ঞান আর সমাজবিজ্ঞানের ক্লাসেই এসব অনুশীলন যোগ করতে পারি। দরকার কেবল শিক্ষকের জন্য সহজ নির্দেশনা এবং এমন কিছু প্রশ্ন, যা শিক্ষার্থীদের ভাবায়। আজ চ্যাটজিপিটি আছে, কাল আরও নতুন কিছু আসবে। প্রতিবার নতুন প্রযুক্তি এলেই কি আবার নতুন করে পাঠ্যবই লিখব? নাকি এমন প্রজন্ম তৈরি করব, যারা প্রযুক্তি চালানোর পাশাপাশি তাকে প্রশ্নও করতে পারবে? সেই শুরুটা হতে পারে একটি শ্রেণিকক্ষ, কয়েকটি আমের ছবি আর কাগজ-কলম দিয়েই।

ট্যাগ:#এআই শিক্ষা#প্রযুক্তি#শিক্ষার্থী#স্কুল#কম্পিউটার বিজ্ঞান
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন