দীর্ঘ ১১ বছরের বেশি সময় ধরে দেশের সাধারণ মানুষকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে আসা সরকারি টেলিহেলথ সেবা ‘স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩’ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক। সেবা পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের চুক্তির মেয়াদ শেষ হওয়া এবং দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধ না করার জটিলতায় এই জরুরি সেবাটি বন্ধ রয়েছে। প্রশাসনিক সমন্বয়হীনতা ও দায়িত্বশীলদের উদাসীনতার কারণেই এমন একটি জনগুরুত্বপূর্ণ সেবা কোনো বিকল্প ব্যবস্থা না রেখে বন্ধ হয়ে গেছে।
এমনিতেই দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি চিকিৎসাকেন্দ্রে চিকিৎসক সংকটসহ নানামুখী অব্যবস্থাপনা লেগেই রয়েছে। ফলে জরুরি মুহূর্তে উপযুক্ত সেবা থেকে বঞ্চিত হয়ে সাধারণ মানুষকে বাধ্য হয়ে অতিরিক্ত টাকা খরচ করে বেসরকারি হাসপাতালে যেতে হয়। এমন বাস্তবতায় সরকারি টেলিহেলথ সেবা বন্ধ হয়ে যাওয়া নাগরিকদের চিকিৎসাসেবার ক্ষেত্রে আরেকটি বড় ধাক্কা। ২০১৫ সালের সেপ্টেম্বর থেকে চালু হওয়া এই সেবাটিতে ১০০ জন চিকিৎসক ও ৩০ জন স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা তিনটি পালায় নিরবচ্ছিন্নভাবে চিকিৎসাবিষয়ক পরামর্শ দিতেন। চলতি বছরের মে থেকে অক্টোবর পর্যন্ত প্রতিদিন গড়ে ৬ হাজার ১৩৭টি কল এসেছে এতে। তাছাড়া করোনা মহামারির চরম সংকটকালে প্রায় ১ কোটি ২৬ লাখের বেশি কল গ্রহণে এই স্বাস্থ্য বাতায়ন মানুষের বড় ভরসার স্থল হয়ে উঠেছিল।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ১০ নভেম্বর পরিচালনাকারী সংস্থার সাথে চুক্তির মেয়াদ শেষ হয়। একই সাথে গত ২৮ মাসের পরিচালন ব্যয় বাবদ প্রায় ১৬ কোটি টাকা বকেয়া থাকায় সেবাটি বন্ধ করতে বাধ্য হয় পরিচালনা প্রতিষ্ঠানটি। অন্যদিকে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব বকেয়া মেটাতে কমিটি গঠন ও দ্রুত সেবাটি চালুর আশ্বাস দিয়েছেন। তবে প্রশ্ন উঠছে, চুক্তির মেয়াদ ও বকেয়ার পরিমাণ আগে থেকে জানা থাকা সত্ত্বেও কেন চুক্তি নবায়ন বা সেবাটি সচল রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলো না?
বর্তমান বিশ্বে প্রযুক্তির সহায়তা নিয়ে চিকিৎসাসেবা সহজ করার প্রক্রিয়া যখন প্রতিনিয়ত বাড়ছে, সেখানে একটি অত্যন্ত কার্যকরী টেলিহেলথ সেবা বন্ধ থাকা মোটেই কাম্য নয়। প্রশাসনিক আমলাতান্ত্রিক গড়িমসি দ্রুত নিরসন করে স্বাস্থ্য বাতায়ন কেবল পুনঃচালুই নয়, বরং এটিকে আরও আধুনিক ও যুগোপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া জরুরি।