বাংলাদেশপ্রধান সংবাদ

কক্সবাজারের ইনানী রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজদের সন্ধানে পুলিশ

সাভার থেকে দুই বন্ধুর সঙ্গে কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন ইশরাত জাহান ইমা। উঠেছিলেন উখিয়ায় ইনানী সৈকত সংলগ্ন পাটুয়ারটেকের টুপটুপ রিসোর্টে।

গতকাল শনিবার ভোরে বন্ধু আইরিন জাহান মিমকে নিয়ে রিসোর্ট থেকে বেরিয়ে হাঁটতে বের হন তিনি। তাদের অপর বন্ধু নাসরিন আক্তার মুক্তা তখন রিসোর্টেই ছিলেন।

ফেরার সময় দুজন দেখতে পান তিনতলা ওই রিসোর্টে আগুন লেগেছে।

'ভোরে সৈকতে হাঁটতে গিয়েছিলাম। ফিরে রিসিপশনে পৌঁছাতেই পাশের রান্নাঘর থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হতে দেখি। সঙ্গে সঙ্গে সিকিউরিটি গার্ডকে বলি সবাইকে বের করে দিতে। তিনি একটি অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ছোটাছুটি করছিলেন। কিন্তু পিনটাই খুলতে পারছিলেন না,' দ্য ডেইলি স্টারকে এভাবেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন ইমা।

'হোটেলের অন্য কর্মচারীরাও অগ্নিনির্বাপক নিয়ে দৌড়াদৌড়ি করছিল। কিন্তু তাদের কেউই পিন খুলতে পারেনি। মুহূর্তের মধ্যেই রিসিপশনের কাঠের দেওয়ালে আগুন লেগে যায়। ওপরে ওঠার সিঁড়ি ঠিক পাশেই ছিল। চোখের পলকে পুরো সিঁড়িতে আগুন ধরে ওপরে-নিচে ওঠানামার পথ বন্ধ হয়ে যায়,' যোগ করেন তিনি।

ইমা আরও বলেন, 'তারপর দুটি বিকট বিস্ফোরণের শব্দ শুনি। আমরা সেখান থেকে সরে যেতে বাধ্য হই। এরপর হোটেলের কোনো কর্মচারীকে আর দেখা যায়নি। চোখের সামনে পুরো রিসোর্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেল।'

অগ্নিকাণ্ডের পর থেকে বান্ধবী মুক্তাকে আর খুঁজে পাননি ইমা আর মিম। মুক্তার খবরের অপেক্ষায় গতকাল শনিবার সারাদিন দিশেহারা হয়েছিলেন দুজনে।

তাদের আশঙ্কা, রিসোর্টের প্রধান সিঁড়িটি আগুনে পুড়ে যাওয়ায় মুক্তা বের হতে পারেননি। ভেতরে আটকা পড়ে আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন মুক্তা।

ইমা জানান, তারা ৩ জনই সাভারে থাকেন এবং বেসরকারি সংস্থায় চাকরি করেন। মুক্তা ঢাকা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালের স্ত্রী।

শনিবার দুপুরে ফায়ার সার্ভিস ও কর্মীরা রিসোর্ট থেকে পুড়ে যাওয়া ১০টি মরদেহ উদ্ধার করেন।

তবে, পুড়ে গিয়ে সেগুলো এতটাই দগ্ধ হয়েছে যে ডিএনএ পরীক্ষা ছাড়া পরিচয় নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের সন্দেহ, মৃতদের মধ্যে এক পরিবারের ৬ সদস্য রয়েছেন।

মুক্তা ছাড়া আরও ৩ জন রিসোর্ট থেকে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকার ওই রিসোর্টে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে, পুড়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষা ছাড়া মরদেহের পরিচয় নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

তদন্তের অংশ হিসেবে পুলিশ হতাহত ও নিখোঁজদের তথ্য সংগ্রহ করছে।

ফায়ার সার্ভিস জানায়, ঝুঁকিপূর্ণ বিবেচনায় চার মাস আগে রিসোর্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করা হয়েছিল। এর অগ্নিনিরাপত্তা লাইসেন্স ছিল না।

জুন মাসে ফায়ার সার্ভিসের এক পরিদর্শক রিসোর্টটি পরিদর্শন করেন এবং ভবনটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ১১ জুন আনুষ্ঠানিক নোটিশ দেন।

রিসোর্টে আগুনের ঘটনায় গতকাল শনিবার রিসোর্ট মালিক ও ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রিসোর্ট মালিক তানভীর আহমদকে মামলার প্রধান আসামি করা হয়েছে। অপর আসামি ব্যবস্থাপক মোহাম্মদ সুমনকে গতকাল শনিবার গ্রেপ্তার করা হয়েছে।

ট্যাগ:#কক্সবাজার#অগ্নিকাণ্ড#রিসোর্ট#ফায়ার সার্ভিস#দুর্ঘটনা
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন