দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আবদুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অক্টোবর দেশটির পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল ই-মেইলের মাধ্যমে বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। আজ রোববার দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিকেলে দুদকের সচিব মো. সাইদুর রহমান খান সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরবেন বলে জানা গেছে। এর আগে গত বছরের ১১ নভেম্বর দুর্নীতির মামলার অংশ হিসেবে শেখ আবদুল হান্নানের মালিকানাধীন দুটি ফ্ল্যাট ক্রোক এবং ১০টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছিলেন আদালত। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছিল দুদক। পরবর্তীতে ওই বছরের জুলাই মাসে তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতিবিরোধী এই সংস্থাটি। উল্লেখ্য, শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।
বাংলাদেশপ্রধান সংবাদ