গুগলের সার্চ বাজারের আধিপত্যে ধাক্কা দিচ্ছে চ্যাটজিপিটি

১৯৯৮ সালে আত্মপ্রকাশের পর থেকে ইন্টারনেটে তথ্যানুসন্ধানের প্রধান মাধ্যম হিসেবে গুগলের একক আধিপত্য ছিল। যেকোনো তথ্যের জন্য গুগল ব্যবহার করাই ছিল বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীদের দীর্ঘদিনের অভ্যাস। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত চ্যাটবটের উদ্ভাবন এই সমীকরণে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে।

সম্প্রতি ওপেনএআই-এর তৈরি চ্যাটজিপিটির অনুসন্ধানের পরিসংখ্যানে গুগলের জন্য বড় ধরনের চ্যালেঞ্জের চিত্র ফুটে উঠেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, চ্যাটজিপিটিতে এখন প্রতিদিন যেসব প্রশ্নের উত্তর খোঁজা হয়, তা গুগলের মোট সার্চের প্রায় ২০ শতাংশ বা পাঁচ ভাগের এক ভাগের সমান। ২০২২ সালের নভেম্বর মাসে চ্যাটজিপিটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকেই বহু ব্যবহারকারী গুগলের ওপর নির্ভরতা কমাতে শুরু করেছেন।

চ্যাটজিপিটির কনজ্যুমার প্রোডাক্ট লিড অ্যাডাম ফ্রাই জানান, চ্যাটজিপিটিতে তথ্য অনুসন্ধানের জন্য আসা প্রশ্নের সংখ্যা এখন গুগলের মোট সার্চের প্রায় এক-পঞ্চমাংশে পৌঁছেছে। প্রযুক্তি খাতের সংশ্লিষ্টরা বলছেন, এই পরিসংখ্যান যেমন এআই প্রযুক্তির প্রতি বিশ্বব্যাপী ক্রমবর্ধমান আগ্রহকে প্রকাশ করে, তেমনি ঐতিহ্যবাহী সার্চ ইঞ্জিনের ফলাফল নিয়ে ব্যবহারকারীদের পরিবর্তনের চাহিদাকেও সামনে নিয়ে আসে।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, চ্যাটজিপিটি, ক্লড ও কোপাইলটের মতো এআই চ্যাটবটগুলো মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করছে তথ্য অনুসন্ধানের কাজে। প্রযুক্তি সংক্রান্ত সাম্প্রতিক এক জরিপে উঠে এসেছে, প্রায় ৪২ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক তথ্যানুসন্ধানের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছেন। আর কর্মক্ষেত্রে এআই ব্যবহারের কথা জানিয়েছেন ৩৮ শতাংশ কর্মজীবী। তবে বিনোদন, সংবাদ ও স্বাস্থ্যবিষয়ক পরামর্শের ক্ষেত্রে এই প্রযুক্তি ব্যবহারের হার কিছুটা কম।

জনপ্রিয় চ্যাটবটগুলোর মধ্যে ব্যবহারের শীর্ষে রয়েছে চ্যাটজিপিটি। জরিপে অংশগ্রহণকারীদের ৪৪ শতাংশ জানিয়েছেন তারা চ্যাটজিপিটি ব্যবহার করেছেন। এর বিপরীতে দ্বিতীয় স্থানে থাকা জেমিনাই ব্যবহারের কথা জানিয়েছেন ২৪ শতাংশ ব্যবহারকারী। বর্তমানে চ্যাটজিপিটির সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১২০ কোটিতে।

অন্যদিকে, গুগল তাদের প্ল্যাটফর্মে প্রতি বছর প্রায় পাঁচ লাখ কোটি সার্চ সম্পন্ন হওয়ার দাবি করে থাকে। বিগত দুই দশক ধরে সার্চের বিশ্ববাজার নিয়ন্ত্রণ করে তারা বিপুল মুনাফা অর্জন করে আসলেও, এআই চ্যাটবটের দ্রুত উত্থান গুগলের দীর্ঘদিনের রাজত্বে বড় ধরনের প্রতিযোগিতা তৈরি করেছে।

ট্যাগ:#চ্যাটজিপিটি#গুগল সার্চ#কৃত্রিম বুদ্ধিমত্তা#ওপেনএআই#প্রযুক্তি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন