বাংলাদেশপ্রধান সংবাদ

চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের নেতার বাড়িতে হামলা: বহিষ্কৃত নেতাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রামের পাঁচলাইশে কাপাসগোলা এলাকায় স্বেচ্ছাসেবক দলের এক নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে মকবুল সওদাগর লেনে চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের নেতা রাহাতউল্লাহ রবিনের বাড়িতে হামলার এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন— চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত সদস্য সচিব শহীদুল ইসলাম ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত জুয়েল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দ্য ডেইলি স্টারকে বলেন, রাত ১০টার দিকে আটটি মোটরসাইকেলে করে দলবলসহ রবিনের বাড়িতে যান শহীদ। সেখানে গিয়ে হামলা ও ভাঙচুর করলে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে দুজনকে আটক করে।

তিনি বলেন, সিসিটিভিতে হামলা ও ভাঙচুরের ঘটনা দেখা গেছে। রবিন ও শহীদের মধ্যে রাজনৈতিক বিরোধ রয়েছে। সেই বিরোধের জেরে হামলা ঘটনা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

হামলার ঘটনায় রবিনের মা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ তাদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সকালে আদালতে পাঠিয়েছে বলেও জানান ওসি।

কোতোয়ালি থানার সাবেক ওসি নেজাম উদ্দিনকে লাঞ্ছনা ও হেনস্থার অভিযোগ ২০২৫ সালের ৭ জানুয়ারি সংগঠন থেকে বহিষ্কার করা হয় শহীদকে। ওসিকে মারধর করে ফেসবুকে লাইভ করেছিলেন তিনি। এরপর তাকে থানায় সোপর্দ করা হয়।

ট্যাগ:#চট্টগ্রাম#স্বেচ্ছাসেবক দল#হামলা#রাজনীতি#অপরাধ
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন