স্বাস্থ্যসেবাপ্রধান সংবাদ

ত্বকের বিরল ও প্রাণঘাতী রোগ স্টিভেনস-জনসন সিনড্রোম

ওষুধের কারণে ত্বকে বিভিন্ন ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অধিকাংশ ক্ষেত্রে এসব প্রতিক্রিয়া মৃদু হলেও কিছু ক্ষেত্রে তা প্রাণঘাতী জটিলতা সৃষ্টি করতে পারে। এর মধ্যে স্টিভেনস-জনসন সিনড্রোম একটি বিরল কিন্তু মারাত্মক ওষুধজনিত প্রতিক্রিয়া, যাতে ত্বক ও মিউকাস মেমব্রেনের ব্যাপক ক্ষতি হয়।

এই রোগটি তীব্রতার ওপর ভিত্তি করে বিভিন্ন ভাগে বিভক্ত। স্টিভেনস-জনসন সিনড্রোমে শরীরের মোট ত্বকের ১০ শতাংশের কম আক্রান্ত হয়। স্টিভেনস-জনসন সিনড্রোম এবং টক্সিক ডারমাল নেক্রোলাইসিস ওভারল্যাপে ১০ থেকে ৩০ শতাংশ এবং টক্সিক ডারমাল নেক্রোলাইসিসে ৩০ শতাংশের বেশি ত্বক আক্রান্ত হয়।

বিভিন্ন ধরনের ওষুধ এই প্রতিক্রিয়ার জন্য দায়ী হতে পারে। এর মধ্যে রয়েছে সালফোনেমাইড গোত্র, পেনিসিলিন, সেফালোস্পোরিন ও ফ্লুরোকুইনোলন গোত্রের অ্যান্টিবায়োটিক; কারবামাজেপিন, ফেনিটয়েন, ল্যামোট্রিজিন ও ফেনোবারবিবটলের মতো খিঁচুনির ওষুধ এবং নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লামাটরি ড্রাগ, অ্যালোপিউরিনল ও নেভিরাপিনের মতো ব্যথানাশক ওষুধ। তবে সবার ক্ষেত্রে একই ওষুধে এই প্রতিক্রিয়া দেখা দেয় না।

সাধারণত নতুন কোনো ওষুধ সেবন শুরু করার এক থেকে চার সপ্তাহের মধ্যে এর লক্ষণ প্রকাশ পায়। প্রাথমিক পর্যায়ে জ্বর, শরীরব্যথা, গলাব্যথা, কাশি ও দুর্বলতা অনুভূত হয়। পরবর্তীতে ত্বকে লালচে বা বেগুনি দাগ, ফোসকা পড়া, ত্বকের উপরিভাগ উঠে যাওয়া এবং তীব্র ব্যথা বা জ্বালাপোড়া দেখা দেয়। এছাড়া মুখে ঘা, ঠোঁটে রক্তক্ষরণযুক্ত ক্ষত, চোখ লাল হওয়া, ব্যথা এবং যৌনাঙ্গে ঘা বা ক্ষত তৈরি হতে পারে। প্রস্রাবের সময় জ্বালাপোড়াও এই রোগের অন্যতম লক্ষণ। মুখ, চোখ ও যৌনাঙ্গের মিউকাস মেমব্রেন আক্রান্ত হওয়া এই রোগের একটি প্রধান বৈশিষ্ট্য।

স্টিভেনস-জনসন সিনড্রোম একটি চিকিৎসাগত জরুরি পরিস্থিতি বা মেডিকেল ইমার্জেন্সি। আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। রোগীর অবস্থা গুরুতর হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) অথবা বিশেষায়িত বার্ন ইউনিটে চিকিৎসা দিতে হয়। চিকিৎসার প্রধান পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে দায়ী ওষুধ অবিলম্বে বন্ধ করা, শরীরে তরল ও ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখা, আক্রান্ত ত্বক ও ক্ষতগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ এবং পর্যাপ্ত পুষ্টি সরবরাহ করা। চোখ আক্রান্ত হলে অবিলম্বে চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং রোগের তীব্রতা অনুযায়ী যথাযথ ওষুধ প্রয়োগ করতে হবে।

এই জটিল রোগ থেকে সুরক্ষা পেতে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই ওষুধ সেবন করা উচিত নয়। এছাড়া নতুন কোনো ওষুধ সেবন শুরু করার পর যদি অস্বাভাবিক র্যাশ, জ্বর বা মুখে ঘা দেখা দেয়, তবে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

ট্যাগ:#স্বাস্থ্য#চর্মরোগ#ওষুধ#চিকিৎসা#স্বাস্থ্যসেবা
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন