গণিতের পাঠশালাপ্রধান সংবাদ

পিথাগোরাসের উপপাদ্য কি সত্যিই তাঁর নিজস্ব আবিষ্কার?

সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান—গণিতের এই সুপরিচিত নীতির সঙ্গে প্রায় সকলেই পরিচিত। সমকোণ বা ৯০ ডিগ্রি কোণের বিপরীত বাহু অতিভুজ হলে গাণিতিক সূত্রে একে লেখা হয় a² + b² = c²। বছরের পর বছর ধরে মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে একে ‘পিথাগোরাসের উপপাদ্য’ হিসেবে পড়ানো হলেও ঐতিহাসিক তথ্য ও গাণিতিক প্রমাণের গবেষণা অন্য কথা বলছে। বিজ্ঞানীদের মতে, গণিতবিদ পিথাগোরাসের জন্মের প্রায় এক হাজার বছর আগেই এই উপপাদ্যের চর্চা ও প্রয়োগ প্রচলিত ছিল।

প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, খ্রিস্টপূর্ব ১৭৭০ অব্দের প্রাচীন ব্যাবিলনীয় এক মাটির ট্যাবলেট বা স্মারকে এই উপপাদ্য ব্যবহার করে চতুর্ভুজের ভেতরের কর্ণের দৈর্ঘ্য হিসাব করা হয়েছিল। ‘আইএম ৬৭১১৮’ নামের ওই ট্যাবলেটটি সম্ভবত শিক্ষাদানের উদ্দেশ্যে ব্যবহার করা হতো। অথচ গ্রিক গণিতবিদ পিথাগোরাসের জন্ম হয়েছিল খ্রিস্টপূর্ব ৫৭০ অব্দে, যা ওই ট্যাবলেটের সময়কালের অনেক পরের ঘটনা। এ ছাড়া খ্রিস্টপূর্ব ১৮ থেকে ১৬ শতকের আরেকটি ব্যাবিলনীয় ট্যাবলেটে বর্গের ভেতরে অঙ্কিত ত্রিভুজ ও তাঁদের ষাট-ভিত্তিক (base-60) গণনা পদ্ধতির সাহায্যে এই উপপাদ্যের স্পষ্ট ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

মার্কিন গণিতবিদ ব্রুস র‍্যাটনারের এক গবেষণাপত্রে বিস্তারিত উল্লেখ করা হয়েছে যে, ব্যাবিলনীয়রা বর্গের কর্ণের দৈর্ঘ্য এবং বাহুর সম্পর্ক (d = √2) সম্পর্কে গভীরভাবে ওয়াকিবহাল ছিল। তাদের ধারণায় ছিল যে, বর্গের কর্ণের বর্গ তার দুটি বাহুর বর্গের সমষ্টির সমান (d² = a² + a² = 2a²)। অর্থাৎ পিথাগোরাস এই নীতিকে আনুষ্ঠানিকভাবে জনপ্রিয় করার বহু আগেই ব্যাবিলনে এর সুনির্দিষ্ট প্রয়োগ ঘটত। এ ছাড়া গণিতে ‘পিথাগোরাসের ত্রয়ী’ (যেমন ৩, ৪, ৫) নামে যে ধনাত্মক পূর্ণসংখ্যার রূপটি পরিচিত, তার ব্যবহারও অতি প্রাচীন।

খ্রিস্টপূর্ব ১৮ শতকের মধ্য মিসরীয় সাম্রাজ্যের এক প্যাপিরাসে এমন এক সমস্যার উল্লেখ রয়েছে, যার সমাধান ছিল ‘পিথাগোরাসের ত্রয়ী’ (৬, ৮, ১০)। একইভাবে প্রাচীন ভারতের খ্রিস্টপূর্ব ৮ থেকে ৫ শতকের মধ্যকার ‘বৌধায়ন শুল্বসূত্র’-তেও সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই উপপাদ্য ও ত্রয়ীর উল্লেখ পাওয়া যায়। ইতিহাসবিদদের ধারণা, পিথাগোরাস মিসর ভ্রমণের সময় এই গাণিতিক কৌশলটি শিখেছিলেন।

তাহলে এই উপপাদ্য পিথাগোরাসের নামে কেন সমাদৃত হলো—এই প্রশ্নের উত্তরে গবেষকেরা জানান, পিথাগোরাসের নিজের লেখা কোনো নথি সংরক্ষিত ছিল না। তিনি দক্ষিণ ইতালিতে একটি বিদ্যাপীঠ গড়ে তুলেছিলেন, যেখানে তাঁর অনুসারী বা শিক্ষার্থীদের ‘পিথাগোরিয়ান’ বলা হতো। সেখানে কোনো কিছু লিখে রাখার চেয়ে মুখে মুখে বিদ্যা চর্চার নিয়ম প্রচলিত ছিল। ফলে সেই স্কুলের শিক্ষার্থীদের নানা গাণিতিক উদ্ভাবন এবং প্রাচীন সংগৃহীত জ্ঞান পরবর্তী সময়ে পিথাগোরাসের নামেই স্থান করে নেয়। মূল আবিষ্কারক না হলেও পিথাগোরাসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানই এই ঐতিহাসিক উপপাদ্যটিকে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে প্রধান ভূমিকা রেখেছিল।

ট্যাগ:#গণিত#পিথাগোরাস#ইতিহাস#উপপাদ্য#বিজ্ঞান#প্রাচীন সভ্যতা
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন