দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। আবহাওয়ার গতিপ্রকৃতি বিশ্লেষণ করে জানা গেছে, এটি ক্রমান্বয়ে আরও শক্তি অর্জন করে নিম্নচাপ এবং পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সাগরে অবস্থানরত এই লঘুচাপটি সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে এই রূপ ধারণ করে।
বর্তমান তথ্য অনুযায়ী, সাগরের সুস্পষ্ট লঘুচাপটির কেন্দ্রের ৫০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে বাতাসের সর্বোচ্চ গড় গতিবেগ ঘণ্টায় ৩৫ কিলোমিটার রেকর্ড করা হয়েছে, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৪৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থান থেকে সিস্টেমটি উত্তর ও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষণ বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটি নিম্নচাপে এবং পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এমনকি পরবর্তী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে এটি আরও বেশি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
এই সিস্টেমটি সরাসরি উপকূলে আঘাত হানুক বা না হানুক, এর পরোক্ষ প্রভাবে নির্দিষ্ট সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।