শ্রমজীবী মানুষের জীবন, দ্রোহ ও আকাঙ্ক্ষা অসাধারণ শৈল্পিক দক্ষতায় সাহিত্যে ফুটিয়ে তুলেছিলেন আবুল মনসুর আহমদ। কেবল সামাজিক বা রাজনৈতিক সমস্যার কথা বলেই তিনি ক্ষ্যান্ত হননি, বরং সেগুলোর বাস্তবসম্মত সমাধানও বাতলে দিয়েছেন। তার লেখালেখিতে জনমানুষের চেতনার জগতের এক গভীর বিস্তার লক্ষ্য করা যায়।
অবিভক্ত বাংলার ত্রিশালে জন্ম নেওয়া আবুল মনসুর আহমদ দেখেছেন ইতিহাসের নানা পালাবদল। বঙ্গভঙ্গ থেকে শুরু করে একাত্তরের মুক্তিযুদ্ধ—প্রতিটি ঐতিহাসিক ঘটনার তিনি ছিলেন প্রত্যক্ষ সাক্ষী ও অংশীজন। সাহিত্য, সাংবাদিকতা ও রাজনীতি—সবক্ষেত্রেই তিনি প্রখর মেধার স্বাক্ষর রেখে গেছেন। সাহিত্যকে তিনি সাধারণ মানুষের মুক্তির চেতনার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলেন।
সাংবাদিকতাকে তিনি সত্য প্রচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন। অন্যদিকে রাজনীতিতেও সফল ছিলেন এবং মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। দলের অন্যায়ের বিরুদ্ধে সংসদে অকপটে কথা বলে তিনি রাজনৈতিক সংস্কৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।
ভাষা ও সাহিত্য চর্চায় তিনি পূর্ব বাংলার স্বকীয়তা তুলে ধরার পক্ষে ছিলেন। চলিত ভাষার ক্ষেত্রে পূর্ব বাংলার কথ্য রূপের শ্রেষ্ঠত্ব তুলে ধরে তিনি একে সাধুভাষার কাছাকাছি বলে উল্লেখ করেছিলেন। ভাষার ক্ষেত্রে তিনি মুসলমানি স্বাতন্ত্র্যবোধকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করতেন।