ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের বহুল আলোচিত ‘সাইবারট্রাক’-এর উৎপাদন বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। ব্যতিক্রমী নকশা ও আধুনিক প্রযুক্তিসুবিধা থাকা সত্ত্বেও ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী গাড়িটি বাজার ধরে রাখতে পারেনি। গত কয়েক বছর ধরে বিক্রি ধারাবাহিকভাবে কমতে থাকায় আগামী বছরের জুন মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত টেসলার গিগাফ্যাক্টরিতে সাইবারট্রাকের উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক সাইবারট্রাকের উৎপাদন বন্ধের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যাকে তাঁর অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প থেকে সরে আসার বড় সংকেত হিসেবে দেখা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইলন মাস্ক জানান, সাইবারট্রাকের উৎপাদন স্থগিত করে কারখানাটিতে স্বচালিত নতুন মডেলের ‘সাইবারক্যাব’ তৈরিতে বেশি গুরুত্ব দেবে টেসলা। সাইবারট্রাকের বিশেষ নকশার ভারী যন্ত্রাংশ তৈরির সক্ষমতা কেবল গিগাফ্যাক্টরিতেই ছিল, ফলে অন্য কোনো কারখানায় এটি তৈরি করা সম্ভব নয়। সামাজিক মাধ্যমে এক ব্যবহারকারীর মন্তব্যের জবাবে মাস্ক সাইবারট্রাককে টেসলার তৈরি ‘সেরা গাড়ি’ বলে অভিহিত করেন এবং মন্তব্য করেন যে এটি ‘একটি যুগের অবসান’। তবে এই মডেলটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ হবে নাকি ভবিষ্যতে অন্য কোথাও স্থানান্তর করা হবে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
২০২৩ সালের শেষ দিকে গ্রাহকদের কাছে সাইবারট্রাক সরবরাহ শুরু করেছিল টেসলা। গাড়িশিল্পের তথ্য বিশ্লেষণকারী সংস্থা কেলি ব্লু বুকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে ৩৮ হাজার ৯৬৫টি সাইবারট্রাক বিক্রি হলেও ২০২৫ সালে তা ৪৮ শতাংশ কমে ২০ হাজার ২৩৭টিতে নেমে আসে। অথচ উৎপাদন শুরুর সময় বছরে আড়াই লাখ সাইবারট্রাক বিক্রির বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন ইলন মাস্ক। বাস্তবতার সঙ্গে বিক্রির এই বড় ব্যবধান টেসলাকে উৎপাদন বন্ধের দিকে ঠেলে দিয়েছে।
এই সিদ্ধান্ত প্রসঙ্গে অ্যাস্টন মার্টিনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ডি পালমার জানান, কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ না হলে উৎপাদন অব্যাহত রাখার কোনো যৌক্তিকতা থাকে না এবং বিক্রির নিম্নমুখী পরিসংখ্যানই সব স্পষ্ট করে দেয়। উল্লেখ্য, সাইবারট্রাক উন্মোচনের শুরু থেকেই নানা বিতর্কের সৃষ্টি হয়। এর উন্মোচনী অনুষ্ঠানে জানালার মজবুতি পরীক্ষা করতে ধাতব বল ছুড়লে দুটি কাচেই বড় ফাটল দেখা দিয়ে পরিবেশ বিব্রতকর হয়ে ওঠে। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে বাজার থেকে অন্তত ১১ বার সাইবারট্রাক প্রত্যাহারের (রিকল) ঘোষণা দিতে বাধ্য হয়েছিল টেসলা।