বিনামূল্যে সরকারি এআই প্রশিক্ষণ: দৈনিক ২০০ টাকা ভাতা

দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে তুলতে বিনামূল্যে মৌলিক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালিত ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে। দুই মাস মেয়াদি এই প্রশিক্ষণ কোর্সে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যেকোনো বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত পরিচালিত হবে। এতে প্রতিদিন ৬ ঘণ্টা করে মোট ৫০ দিনে ৩০০ ঘণ্টার নিবিড় প্রশিক্ষণ পাবেন নির্বাচিত প্রশিক্ষণার্থীরা।

কোর্সে আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক। আবেদনকারীদের মধ্যে কম্পিউটার, আইসিটি এবং ইংরেজিতে ভালো দক্ষতা থাকা প্রার্থীদের নির্বাচনে অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটের (www.dydaiproject.com/ply) মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময় পার হওয়ার পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। অনলাইনে আবেদন জমা শেষে ডাউনলোডকৃত কপি সংরক্ষণ করতে হবে। প্রাথমিক বা যাচাইকৃত বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র মোবাইল এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর লিখিত পরীক্ষা এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এই প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। প্রশিক্ষণ চলাকালে অনাবাসিক প্রশিক্ষণার্থীরা প্রতিদিন ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন এবং প্রতিদিন খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। সফলভাবে কোর্স শেষ করা উত্তীর্ণদের দেওয়া হবে সরকারি সনদ।

প্রশিক্ষণ কার্যক্রমটি সারা দেশে বাস্তবায়নে বিভাগভিত্তিক চারটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। প্যাকেজ-১-এর আওতায় ঢাকা ও ময়মনসিংহের ১৭টি জেলায় এবং প্যাকেজ-৩-এর আওতায় বরিশাল ও খুলনার ১৬টি জেলায় প্রশিক্ষণের দায়িত্বে থাকবে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। অন্যদিকে প্যাকেজ-২-এর আওতায় রাজশাহী ও রংপুরের ১৬টি জেলায় এসইও এক্সপার্ট বাংলাদেশ, ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউট ও কাইজেন আইটির যৌথ উদ্যোগ কাজ করবে। আর প্যাকেজ-৪-এর আওতায় চট্টগ্রাম ও সিলেটের ১৫টি জেলায় প্রশিক্ষণ পরিচালনা করবে সার্ভিস ইঞ্জিনস, ডট কম সিস্টেমস ও উইজার্ড সফটওয়্যার টেকনোলজি বাংলাদেশের যৌথ কনসোর্টিয়াম।

ট্যাগ:#এআই প্রশিক্ষণ#যুব উন্নয়ন অধিদপ্তর#তথ্যপ্রযুক্তি#ফ্রিতে প্রশিক্ষণ#যাতায়াত ভাতা
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন