বিশ্ববাজারে সয়াবিন সরবরাহে অনিশ্চয়তা ও পুষ্টিমানের নতুন হিসাব

যুদ্ধ, পরিবর্তিত বাণিজ্যপথ এবং নীতিগত সিদ্ধান্ত বিশ্বজুড়ে পশুখাদ্যের কাঁচামাল সংগ্রহের হিসাব বদলে দিচ্ছে। এমন বাস্তবতায় সয়াবিনের গুণগত মান, প্রক্রিয়াজাতকরণ এবং সরবরাহব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে আলোচনায় বসেছেন আন্তর্জাতিক কৃষি ও খাদ্যশিল্পের প্রতিনিধিরা।

বিশ্ববাজারে সয়াবিনের বাণিজ্য আর কেবল উৎপাদন ও দামের হিসাবের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধ, পরিবর্তিত বাণিজ্যপথ এবং বিভিন্ন দেশের নীতিগত সিদ্ধান্ত নতুন করে নির্ধারণ করছে কোথা থেকে পশুখাদ্যের কাঁচামাল সংগ্রহ করা হবে, কতটা নির্ভরযোগ্য হবে সরবরাহ এবং সেই উপকরণ প্রাণীর পুষ্টির চাহিদা কতটা পূরণ করতে পারবে।

এমন এক পরিবর্তনশীল পরিস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে ক্রাশকন ২০২৬। ১৮ নভেম্বর শুরু হওয়া এ সম্মেলনের আয়োজন করে ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া অঞ্চল। এতে অংশ নেন বিশ্বের সয়াবিন উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাণিজ্য ও পশুখাদ্যশিল্পের প্রতিনিধিরা। বাংলাদেশ থেকেও অংশ নিয়েছেন বেশ কয়েকজন প্রতিনিধি।

সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিল সয়াবিনের গুণগত মান, প্রক্রিয়াজাতকরণের দক্ষতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ঝুঁকি মোকাবিলা। বিশ্বের বিভিন্ন অঞ্চলের বিশেষজ্ঞরা তুলে ধরেন, পরিবর্তিত বাণিজ্য পরিস্থিতিতে শুধু কম দামে কাঁচামাল কেনাই যথেষ্ট নয়। বরং পণ্যের পুষ্টিমান, ধারাবাহিক গুণগত মান এবং সরবরাহের নিশ্চয়তাও সমান গুরুত্বপূর্ণ।

যুক্তরাষ্ট্রের সয়াবিনচাষি ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের চেয়ারম্যান মাইক ম্যাকক্রেনি বলেন, এই ধরনের আয়োজন যুক্তরাষ্ট্রের কৃষকদের এ অঞ্চলের ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে কৃষকের মাঠপর্যায়ের কাজের সঙ্গে ক্রেতের প্রকৃত চাহিদার সংযোগ স্থাপন সম্ভব হয়।

মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়াজুড়ে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বাড়ছে পশুজ প্রোটিনের চাহিদা। আর সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সয়াবিন ও সয়াবিনজাত পশুখাদ্য।

রপ্তানি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বছরে সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে ৮০ লাখ মেট্রিক টনের বেশি সয়াবিন আমদানি করেছে। এর মধ্যে একক দেশ হিসেবে মিসরের আমদানিই ছিল প্রায় ৫০ লাখ মেট্রিক টন। আলজেরিয়াও দ্রুত সম্প্রসারিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সয়াবিনের বাজার।

যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের অন্যতম প্রধান রপ্তানি পণ্য সয়াবিন। ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম সাটার বলেন, যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট অঞ্চলের দ্বিপক্ষীয় বাণিজ্যে সয়াবিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য এটি যেমন গ্রামীণ অর্থনীতি সচল রাখছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় অবদান রাখছে। বর্তমান বিশ্বপরিস্থিতিতে পুষ্টিনিরাপত্তাও জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ।

সম্মেলনে পশুখাদ্যের গুণগত মান নির্ধারণের প্রচলিত পদ্ধতি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিশেষ করে সয়াবিন মিলের অপরিশোধিত প্রোটিন বা ক্রুড প্রোটিনের পরিমাপ কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। প্রায় এক শতাব্দী ধরে সয়াবিন মিল কেনাবেচার ক্ষেত্রে ক্রুড প্রোটিনের পরিমাণকে অন্যতম প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে। নাইট্রোজেনের পরিমাণকে ৬ দশমিক ২৫ দিয়ে গুণ করে এই হিসাব করা হয়।

কিন্তু এই পরিমাপ মূলত খাদ্যে মোট নাইট্রোজেনের পরিমাণ নির্দেশ করে। প্রাণীর শরীর সেই প্রোটিনের কতটা হজম করতে এবং পুষ্টি হিসেবে কাজে লাগাতে পারছে, তা সরাসরি জানায় না। ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের নির্বাহী পরিচালক কেভিন রোপকে মনে করেন, পশুখাদ্যের প্রকৃত মূল্য নির্ধারণে শুধু ক্রুড প্রোটিনের হিসাব যথেষ্ট নয়।

এ কারণে সয়াবিন মিলের মূল্যায়নে নতুন কিছু মানদণ্ড ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন সম্মেলনের বক্তারা। এর মধ্যে রয়েছে প্রোটিনের হজমযোগ্যতা এবং অন্যান্য সূচক। আধুনিক পরীক্ষাগার প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে এখন এসব উপাদান নিয়মিত পরিমাপ করা সম্ভব হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে সরবরাহব্যবস্থা বদলে যাওয়ার এই সময়ে ক্রেতাদের শুধু পণ্যের দাম বিবেচনা করলে চলবে না। পণ্যের পুষ্টিমান, গুণগত মানের ধারাবাহিকতা, সরবরাহকারীর নির্ভরযোগ্যতা এবং সামগ্রিক পুষ্টিগত বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।

সয়াবিনের আন্তর্জাতিক বাণিজ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচনা হয়ে উঠছে পরিবেশগত স্থায়িত্ব। উৎপাদনের পাশাপাশি কৃষি উপকরণের উৎস এবং চাষাবাদ পদ্ধতি কতটা টেকসই, তা নিয়েও আগ্রহ বাড়ছে ক্রেতাদের। বিশ্ববাজারের অনিশ্চিত পরিস্থিতিতে সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে ক্রেতাদের পণ্যের মূল্য, গুণগত মানের ধারাবাহিকতা, নির্ভরযোগ্যতা এবং টেকসই উৎপাদন—এই চারটি বিষয়কে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা।

ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল বাংলাদেশ মার্কেট লিড খবিবুর রহমান বলেন, বাংলাদেশের মৎস্য চাষে এবং পোল্ট্রি উৎপাদনে দারুণ অগ্রগতি হয়েছে। এখন সময় এসেছে বাইরের দেশের বাজারে উৎপাদিত মাছ ও পোল্ট্রিপণ্য পৌঁছে দেওয়ার, যার জন্য প্রয়োজন পশুখাদ্যের গুণগত মান নিশ্চিত করা।

ক্রাশকন ২০২৬-এ অংশ নেওয়া বাংলাদেশের আইপিআরএস বিশেষজ্ঞ ফেরদৌস মুরাদ বলেন, বৈশ্বিক বাজারে বাংলাদেশের মাছের যে সম্ভাবনা রয়েছে, তা কাজে লাগাতে হবে। নিরাপদ মাছ উৎপাদন করতে পারলে এর বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে।

বিশ্বজুড়ে খাদ্য ও পশুখাদ্যের চাহিদা বাড়ছে। একই সঙ্গে বাণিজ্যপথের পরিবর্তন, ভূরাজনৈতিক অস্থিরতা এবং পরিবেশগত বিবেচনা নতুন করে সাজাচ্ছে কৃষিপণ্যের আন্তর্জাতিক বাজার। এমন বাস্তবতায় সয়াবিনের বাণিজ্যে প্রতিযোগিতার নতুন মানদণ্ড হয়ে উঠছে কেবল উৎপাদন বা দাম নয়, বরং এর পুষ্টিমান, নির্ভরযোগ্যতা ও টেকসই উৎপাদন প্রক্রিয়া।

ট্যাগ:#সয়াবিন#আন্তর্জাতিক বাণিজ্য#পশুখাদ্য#পুষ্টিমান#কৃষি অর্থনীতি
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন