দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে হলে শিক্ষার্থীদের মেধার পরীক্ষা দিতে হয়। কিন্তু এবারের ভর্তি মৌসুমে শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও একটি পরীক্ষা হওয়া জরুরি বলে মনে করছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। কারণ, শিক্ষার্থীরা কোন পরীক্ষায় বসবেন, কবে বসবেন কিংবা আদৌ বসতে পারবেন কি না—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কর্তৃপক্ষ নিজেরাই যেন সিদ্ধান্তের পরীক্ষায় বসে গেছেন।
এবারের ভর্তি পরিস্থিতি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে একটি প্রতীকী আবেদন জানিয়েছেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। এতে বলা হয়, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে কঠিন পরীক্ষার প্রস্তুতি নিলেও বিশ্ববিদ্যালয়গুলো ভর্তির ক্ষেত্রে যে পরস্পরবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে, তাতে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এ বছর এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের একাংশকে সর্বোচ্চ দুটি বিষয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তাঁরা ডিসেম্বর মাসে সম্পূরক পরীক্ষা দেবেন এবং ফল প্রকাশ হওয়ার কথা ২৩ ডিসেম্বর। অথচ তাঁদের ফল প্রকাশের আগেই বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে গেছে। একদিকে শিক্ষার্থীরা আগের পরীক্ষার ফল নিয়ে অপেক্ষায় আছেন, অন্যদিকে বিশ্ববিদ্যালয়গুলো পরের পরীক্ষার প্রস্তুতি ও আসনবিন্যাস নিয়ে ব্যস্ত।
পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বিভিন্ন দপ্তরের পাল্টাপ পাল্টি সিদ্ধান্ত। ইউজিসি একপর্যায়ে ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানালেও কয়েকটি বিশ্ববিদ্যালয় জানিয়েছিল তারা আগের সিদ্ধান্তেই অটল থাকবে। এর মধ্যে হাইকোর্ট ভর্তি পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দেন। পরবর্তীতে ইউজিসি আগের সিদ্ধান্ত প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতার কথা জানায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ও আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয়।
এহেন পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের প্রশ্ন, এতগুলো সিদ্ধান্তের মধ্যে কোনটি চূড়ান্ত, তা বোঝার মতো উচ্চতর ডিগ্রি তাঁদের নেই। তাই ব্যঙ্গাত্মক ও প্রতীকী সুরে হলেও শিক্ষার্থীরা প্রস্তাব করেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটি সমন্বয় পরীক্ষা নেওয়া হোক। যে পরীক্ষায় একই শিক্ষাবর্ষে পরস্পরবিরোধী সিদ্ধান্ত না নেওয়া, ফল প্রকাশের আগেই পরীক্ষার সময়সূচি প্রকাশ না করা এবং ইউজিসি, বিশ্ববিদ্যালয় ও আদালতের আদেশের মধ্যে সমন্বয় সাধনের বিষয়গুলো মূল্যায়ন করা যেতে পারে।
শিক্ষার্থীরা মনে করেন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের অর্থ যদি হয় প্রত্যেকে নিজের মতো করে সময়সূচি বানানো, তবে শিক্ষার্থীদেরও নিজেদের মতো করে ভবিষ্যৎ বানানোর অধিকার থাকা উচিত। কারণ, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার বদলানোর ক্ষমতা শিক্ষার্থীদের না থাকলেও সেই ক্যালেন্ডারের প্রতিটি পাতায় তাঁদের ভবিষ্যৎ লেখা থাকে।