সাক্ষাৎকারপ্রধান সংবাদ

"মানসম্মত শিক্ষা ও নৈতিকতার সমন্বয়ে আমরা গড়ে তুলছি আগামীর আলোকিত মানুষ।" — আফরোজা রহমান, কো- চেয়ারম্যান, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ

শিক্ষার আলোকবর্তিকা ছড়িয়ে দিয়ে ঢাকার অন্যতম শীর্ষস্থানীয় ও সম্ভাবনাময় শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ (DMRC)। অ্যাকাডেমিক শ্রেষ্ঠত্ব, সুশৃঙ্খল পরিবেশ ও সহ-শিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটি তৈরি করেছে নিজস্ব অনন্য পরিচয়। সম্প্রতি কলেজটির সার্বিক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও আধুনিক শিক্ষা ভাবনা নিয়ে ক্যাম্পাস জার্নাল-এর মুখোমুখি হয়েছিলেন কলেজের সম্মানীয় কো-চেয়ারম্যান আফরোজা রহমান। ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের পথচলা ও শিক্ষাদর্শন নিয়ে তাঁর সাথে আলাপচারিতা পাঠকদের জন্য উপস্থাপন করা হলো।

​ক্যাম্পাস জার্নাল:আসসালামু আলাইকুম। ম্যাডাম, 'ক্যাম্পাস জার্নাল'-এর পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা।

​আফরোজা রহমান:ওয়ালাইকুম আসসালাম।ধন্যবাদ, ক্যাম্পাস জার্নাল পরিবারকে। শিক্ষাবিষয়ক এমন উদ্যোগের সাথে যুক্ত হতে পেরে এবং আপনাদের সাথে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে।

ক্যাম্পাস জার্নাল :ম্যাডাম খুব গরম খবরটা নিয়ে আজ আপনার সাথে আলাপচারিতা শুরু হোক। ২০২৬ সালে এইচএসসি পরীক্ষায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অর্জনটা অসাধারণ। এই সুসংবাদ নিয়ে আপনার অভিব্যক্তি কী?

আফরোজা রহমান :এক কথায় আমি আবেগাপ্লুত। বোর্ড পরীক্ষায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অকল্পনীয় সাফল্যে ডিএমআরসি পরিবার আনন্দে আত্মহারা। বিশেষ করে আমার কাছে এর চেয়ে বড়ো কোনো ভালোলাগা নেই। তবে ১৩১১ A+ আর ৯৯ পার্সেন্টের বেশি কৃতকার্যতা এমনিতেই হয়নি। অসম্ভব শৃঙ্খলা আর ক্রমাগত ক্লান্তিহীন পরিশ্রমের ফসল এই অর্জন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান মোল্লা সাহেবের নিখুঁত পরিকল্পনা এই কৃতিত্বের দাবিদার। ফলাফলের বিপর্যয়ের মধ্যে এমন একটি রেজাল্টের পেছনে শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসন, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী সকলের অবদান আছে।

​ক্যাম্পাস জার্নাল:হ্যাঁ, সমন্বিত প্রচেষ্টা ও নিপুণ পরিকল্পনা ছাড়া এমন প্রাপ্তি সম্ভব ছিল না। খুব আগ্রহ হচ্ছে জানতে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ প্রতিষ্ঠার মূল ভাবনা ও উদ্দেশ্য কী ছিল?

​আফরোজা রহমান:আমাদের মূল উদ্দেশ্যই ছিল মানসম্পন্ন ও নৈতিক শিক্ষানির্ভর একটি আদর্শ প্রতিষ্ঠান গড়ে তোলা। পাঠ্যবইয়ের মুখস্থবিদ্যায় সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছি। যেখানে আধুনিক প্রযুক্তিজ্ঞান থাকবে, থাকবে মানবিক মূল্যবোধ, সদাচার ও নৈতিকতার শিক্ষা।

​ক্যাম্পাস জার্নাল:খুব অল্প সময়ের মধ্যেই এইচএসসি পরীক্ষায় ডিএমআরসি সাফল্যের ধারা অর্জন করে সবার নজর কেড়েছে। এমন সাফল্য কী করে সম্ভব হলো ?

​আফরোজা রহমান:না,এর পেছনে জাদুকরী কিছু নেই। আমরা সমন্বিত প্রচেষ্টা ও সঠিক পরিকল্পনা নিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করেছি। শিক্ষকমণ্ডলীর নিরলস প্রচেষ্টা, নিয়মিত গাইডেন্স ও শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন প্রতিষ্ঠানকে সাফল্য এনে দিয়েছে । এছাড়া ক্লাসরুমের ম্যানেজমেন্ট এবং অ্যাটেনডেন্স নিয়ে আমরা খুবই সচেতন । শিক্ষার্থীদের মনোযোগ কাড়তে শিক্ষকরা সর্বদা যত্নশীল। প্রতিষ্ঠানের প্রতি অভিভাবকদের আস্থাও আমাদের বেশ উৎসাহিত করেছে।

​ক্যাম্পাস জার্নাল:ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনারা শিক্ষার্থীদের নিয়ে কী ভাবছেন ?

​আফরোজা রহমান:বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি ও মেধার যুগ। আমরা শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখছি না। সায়েন্স ল্যাব, কম্পিউটার ল্যাব উন্নত করার পাশাপাশি আমরা আইসিটি শিক্ষায় বাড়তি গুরুত্ব দিচ্ছি। এছাড়া ডিবেট ক্লাব, কালচারাল ক্লাব, স্পোর্টস ক্লাবসহ বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও চিন্তাশক্তি বিকাশে উৎসাহিত করা হচ্ছে। সেইসাথে সহশিক্ষার অনুষ্ঠানগুলোতে সমকালীন দেশ ও বিশ্বের তথ্যও আমরা তাদের অবগত করে যাচ্ছি।

শিক্ষার্থীদের পাঠ অগ্রগতির লক্ষ্যে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের কো-চেয়ারম্যান কথা সাহিত্যিক আফরোজা রহমানের মতবিনিময়।

​ক্যাম্পাস জার্নাল:একজন নারী শিক্ষানুরাগী হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় নারী শিক্ষার্থীদের জন্য আপনার বিশেষ কোনো উদ্যোগ আছে কি?

​আফরোজা রহমান:অবশ্যই আছে। আমি মনে করি, একটি শিক্ষিত মেয়ে মানে একটি পরিবারের ভবিষ্যৎ কারিগর এবং সে সমাজের গুরুত্বপূর্ণ চালিকাশক্তিও । ডিএমআরসি নারী শিক্ষার্থীদের জন্য অত্যন্ত নিরাপদ, সুশৃঙ্খল ও প্রাণবন্ত শিক্ষাঙ্গন। তাদের বিকশিত হওয়ার উপযুক্ত পরিবেশ এখানে নিশ্চিত করা হয়েছে। তাদের মেধা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে আমরা নিয়মিত কাউন্সেলিং ও বিশেষ দিকনির্দেশনা দিয়ে আসছি ।

​ক্যাম্পাস জার্নাল:ম্যাডাম, অভিভাবকরা কেন তাদের ছেলেমেয়ে ভর্তির জন্য ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে নির্বাচন করবেন, অনুগ্রহ করে যদি বলতেন।

​আফরোজা রহমান:অবশ্যই বলবো আমরা প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো যত্ন নিই। এখানে পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিক আচরণকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়। শিক্ষার্থী যাতে কোচিং নির্ভর না হয়ে কলেজের পাঠ শ্রেণিকক্ষেই সম্পন্ন করতে পারে, আমরা সেই ব্যবস্থা নিশ্চিত করি। অভিভাবকরা এখানে তাঁদের সন্তানকে অত্যন্ত নিরাপদ ও বিশ্বস্ত হাতে তুলে দিচ্ছেন—এই নিশ্চয়তা আমরা দিই।

​ক্যাম্পাস জার্নাল:শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার মূল্যবান পরামর্শ কী থাকবে?

​আফরোজা রহমান:তরুণদের উদ্দেশ্যে বলবো— বড়ো করে স্বপ্ন দেখো এবং সেই স্বপ্ন সত্য করে তুলতে কঠোর পরিশ্রম করে যাও। মোবাইল বা সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এড়িয়ে নিজের মেধা ও সময়কে সঠিক কাজে লাগাও। মা-বাবা ও শিক্ষকদের সম্মান করবে, কারণ নৈতিকতা ছাড়া শুধুই ভালো রেজাল্ট দিয়ে জীবনে প্রকৃত সফল হওয়া যায় না।

​ক্যাম্পাস জার্নাল:‘ক্যাম্পাস জার্নাল’ এর পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন।

​আফরোজা রহমান:ক্যাম্পাস জার্নাল শিক্ষা ও শিক্ষার্থীদের ইতিবাচক সংবাদ তুলে ধরে যে প্রশংসনীয় ভূমিকা রাখছে, তার জন্য আমি পুরো টিমকে সাধুবাদ জানাই। ক্যাম্পাস জার্নালের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।

​ক্যাম্পাস জার্নাল:আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

​আফরোজা রহমান:আপনাকে এবং ক্যাম্পাস জার্নালের সব পাঠককে প্রাণ উজারকরা ভালোবাসা ।

ট্যাগ:#​আফরোজা রহমান#নারী শিক্ষানুরাগী#ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ#DMRC
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন