আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাংলাদেশের লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরলো দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। মালয়েশিয়ায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ইনভেনশন কম্পিটিশন অ্যান্ড এক্সিবিশন (WICE)-২০২৬’- এর মূল পর্বে রোবোটিক্স ক্যাটাগরিতে ১৩০টি দেশের ৮০০টি দলকে পেছনে ফেলে গোল্ড মেডেল (স্বর্ণপদক) অর্জন করেছে তারা। এর মাধ্যমে বিশ্বমঞ্চে সেরা দল হিসেবে নির্বাচিত হয়ে দেশের নাম উজ্জ্বল করলো এই প্রতিষ্ঠানের দুই কৃতি শিক্ষার্থী।
প্রতিযোগিতায় বিজয়ী দুই কৃতি শিক্ষার্থী হলো— দশম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ হোসেন সিজান (শ্রেণি: ১০ম-এ, রোল: ৩৭) এবং ফারদিন এহসান জাবেদ (শ্রেণি: ১০ম-এ, রোল: ৫৫)।
সংবাদ সূত্রে জানা গেছে, গত ১৭ মে ২০২৬ তারিখে নর্দান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত 'World Invention Competition and Exhibition-2026' এর বাংলাদেশ রাউন্ডে ১,৫০০ এরও বেশি দলের সাথে প্রতিযোগিতা করে গোল্ড মেডেল অর্জন করে সিজান ও জাবেদ। বাংলাদেশ পর্বে দেশের সেরা দল হিসেবে বিজয়ী হওয়ার পর তারা মালয়েশিয়ায় বিশ্বমঞ্চে মূল পর্বে অংশগ্রহণের সুযোগ ও যোগ্যতা অর্জন করে।
পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে তারা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। গত ২০ থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটিতে (SEGi University) অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক আয়োজনের মূল পর্ব। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা সেরা উদ্ভাবক ও গবেষকদের হারিয়ে চূড়ান্ত পর্যায়ে তারা এই গৌরবময় অর্জন ছোঁয়া সম্ভব করে।
শিক্ষার্থীদের এই বিশ্বজয়ী সাফল্যে সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ পরিবারের পক্ষ থেকে বিজয়ী দুই শিক্ষার্থীকে প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন ও ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়েছে।