দীর্ঘ নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে ফিরে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জন্মদিন উদযাপিত হচ্ছে প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের। ৫৮ বছর পূর্ণ করে ৫৯ বছরে পা রাখা এই রাজনীতিবিদকে ঘিরে দেশজুড়ে জুমা নামাজের পর বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করছেন তাঁর সমর্থক ও নেতাকর্মীরা। তবে দলীয় বা সরকারিভাবে তাঁর জন্মদিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিক সূচি রাখা হয়নি।
১৯৬৮ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। জীবনের বহু চড়াই-উৎরাই পেরিয়ে মা-বাবার পর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে দেশের সরকারপ্রধানের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। জুমাবার তাঁর এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে মধ্যরাতের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভাসছেন তিনি। ব্যক্তিগত জীবনে সহধর্মিণী জুবাইদা রহমান ও একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে তাঁর পারিবারিক জীবন।
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু হয় রাজধানী ঢাকায়। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক সম্পন্ন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালেই দেশের রাজনৈতিক অঙ্গনের পরিবর্তন এবং স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন তাঁকে সক্রিয় রাজনীতির প্রতি আকৃষ্ট করে। ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক পথচলা শুরু করেন।
১৯৯০-এর দশকে এরশাদবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার পাশাপাশি ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে প্রচারাভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ২০০১ সালের সাধারণ নির্বাচনের আগে স্থানীয় পর্যায় ও সুশাসন বিষয়ক গবেষণার লক্ষ্যে ঢাকায় গবেষণা সেল গড়ে তোলেন। ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসলেও তিনি সরকারি কোনো দায়িত্ব নেননি। পরবর্তীতে ২০০২ সালে দলের স্থায়ী কমিটি তাঁকে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে মনোনীত করে।
২০০৭ সালের জরুরি অবস্থার সময় যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তার হন তারেক রহমান। সে সময় তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা করা হয় এবং হেফাজতে থাকা অবস্থায় তিনি মারাত্মক শারীরিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে গুরুতর অসুস্থ অবস্থায় ২০০৮ সালের সেপ্টেম্বরে আদালতের জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য তিনি লন্ডনে যান। সেখান থেকেই শুরু হয় তাঁর দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন।
প্রবাসে থাকাকালেই ২০০৯ সালে দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। দীর্ঘ এই সময়ে পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া, ডজনখানেক মামলায় সাজা ঘোষণা এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকালমৃত্যুর মতো নানা কঠিন প্রতিকূলতার মুখোমুখি হন তিনি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও প্রবাসে থেকেই দলীয় কার্যক্রম সুসংগঠিত রাখেন।
পটু রাজনৈতিক মারপ্যাঁচ ও আন্দোলনের ফলশ্রুতিতে চব্বিশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফিরে আসেন তারেক রহমান। এর পরপরই মাতা খালেদা জিয়ার প্রয়াণে দলের একক শীর্ষ নেতৃত্বের দায়িত্ব তাঁর কাঁধে আসে। পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন তিনি।