ঢোল, সারিন্দা, দোতারা এবং একতারার সুরে প্রাচীন বাংলার চর্যাসংগীতের চমৎকার আবহে রাজধানীতে সমাপ্ত হয়েছে দুই দিনব্যাপী ‘চর্যাপদ পুনর্জাগরণ উৎসব’। দেশের বিভিন্ন স্থান থেকে আগত বাউল-ফকির ও সাধকশিল্পীদের পরিবেশনা, প্রশিক্ষণ কর্মশালা এবং বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসবের আয়োজন শেষ হয়।
‘বাংলার আত্মার গান ও নির্বাণ মেলা’ প্রতিপাদ্য সামনে রেখে ভাবনগর ফাউন্ডেশন তৃতীয়বারের মতো এই উৎসবের আয়োজন করে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ভাবনগর সাধুসঙ্গের নিয়মিত আসরে উৎসবের সমাপনী দিনের নানা কর্মসূচি শুরু হয়। এই সমাপনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাবনগর ফাউন্ডেশনের সভাপতি, নাট্যকার ও গবেষক সাইমন জাকারিয়া।
উৎসবের প্রথম পর্বে চর্যাপদ সংগীতের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সেখানে চর্যাপদের আদি ভাষায় মল্লার রাগে কবি ভাদেপা রচিত ৩৫ নম্বর পদ ‘এতকাল হাঁউ অচ্ছিলেঁ স্বমোহে’ গানটির প্রশিক্ষণ দেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব শিকাগো এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (বার্কলি) প্রশিক্ষক সাধিকা সৃজনী তানিয়া। এরপর সাধককবি ও সুরকার শাহ আলম দেওয়ান কবি বীণাপা রচিত ১৭ নম্বর পদের আধুনিক বাংলা রূপান্তর ‘আগুন হয়ে সূর্য যে যায় পাটে’ পরিবেশন ও তালিম দেন। এই পদটির বাংলা রূপান্তর করেছিলেন সাইমন জাকারিয়া।
পরের পর্বে আলোচনা সভায় ভাবনগর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নূরুননবী শান্ত বলেন, ভাবসাধকদের এই উদ্যোগের ফলে চর্যাপদ পুনর্জাগরণ এখন বাংলাদেশের জাতীয় ঐতিহ্যের অংশ হয়ে উঠেছে। প্রাচীন বাংলার চর্যাপদ এখন আর কেবল পুথির পাতা বা প্রাতিষ্ঠানিক গবেষণার গণ্ডিতে সীমাবদ্ধ নেই; দেশের প্রত্যন্ত অঞ্চলের সাধকেরা নিজেদের সুর ও সাধনার মধ্য দিয়ে এই প্রাচীন গানকে নতুন জীবন দান করছেন। আলোচনা শেষে অংশগ্রহণকারী সাধকশিল্পীদের ফুল দিয়ে বরেন করে নেওয়া হয়।
এরপর বের হয় চর্যাসংগীতের বিশেষ শোভাযাত্রা। এতে অংশ নেওয়া শিল্পী ও বাদকেরা ঢোল, সারিন্দা, দোতারা, একতারা, খমক ও মন্দিরা বাজিয়ে সমবেত কণ্ঠে চর্যাপদের প্রথম পদ ‘কাআ তরুবর’, চতুর্থ পদ ‘আলিঙ্গন দাও’ এবং ১৮ নম্বর পদ ‘তিনটি ভুবন’ গাইতে গাইতে সোহরাওয়ার্দী উদ্যানের পথ প্রদক্ষিণ করেন।
উৎসবের শেষ ধাপে অনুষ্ঠিত হয় ভাবনগর সাধুসঙ্গের ৬৩১তম চর্যাপদ সংগীত আসর। এতে ঝিনাইদহের জ্ঞানহীন নাইম ও ফতেহ কামাল, কিশোরগঞ্জের সিদ্দিক ফকির ও উজ্জ্বল ফকির, জামালপুরের এরশাদ হোসেন, পটুয়াখালীর আনিস মুন্সী, কেরানীগঞ্জের নীল রতন সরকার, মানিকগঞ্জের বাউল অন্তর সরকার, শরীয়তপুরের শিলা মল্লিক ও হালিমা বেগম, পাবনার ফকির আবুল হাশেম এবং ব্রাহ্মণবাড়িয়ার হাসান মিয়াসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীরা গান পরিবেশন করেন।
এর আগে বাংলা একাডেমির কবি আল মাহমুদ লেখক কর্নারে এ উৎসবের উদ্বোধন করেছিলেন জার্মানির গবেষক ও উন্নয়নকর্মী ম্যাক্স স্টিলে। আয়োজকরা জানান, ২০১৪ সাল থেকে সাপ্তাহিক সাধুসঙ্গের মাধ্যমে চর্যাপদের গান পুনর্জাগরণে কাজ করছে ভাবনগর ফাউন্ডেশন। ২০২৪ সালে সংস্থাটি ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষাবিষয়ক কনভেনশনের অধীনে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।