দেশের বাজারে ২০০ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাযুক্ত নতুন স্মার্টফোন এনেছে অপো। ‘অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স’ মডেলের স্মার্টফোনটিতে শক্তিশালী ক্যামেরার পাশাপাশি পরবর্তী প্রজন্মের লুমো ট্রু ইমেজ ইঞ্জিনও রয়েছে, যা ছবি ও ভিডিওতে নির্ভুল রং এবং প্রাকৃতিক আলোর প্রতিফলন নিশ্চিত করে। ফলে ব্যবহারকারীরা সহজেই পেশাদার মানের ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন।
ফোনটির মূল আকর্ষণ হচ্ছে হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম, যেখানে রয়েছে ২০০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, আল্ট্রাওয়াইড ও টেলিফটো ক্যামেরা। হ্যাসেলব্লাডের সঙ্গে যৌথভাবে তৈরি এই সিস্টেমে ১৫ইভি পর্যন্ত আল্ট্রা হাই ডায়নামিক রেঞ্জ রয়েছে, যা অত্যন্ত উজ্জ্বল আলো থেকে শুরু করে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের ডিটেইলস নিখুঁতভাবে ধারণ করতে সক্ষম। উন্নত ভিডিওগ্রাফি নিশ্চিত করতে ফোনটিতে ৩০ এফপিএসে ৮কে রেকর্ডিং, ১২০ এফপিএস পর্যন্ত ৪কে রেকর্ডিং এবং ৪কে ডলবি ভিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এছাড়া ‘ওপেন গেট ক্যাপচার’-এর মতো আধুনিক ফিচার থাকায় কনটেন্ট নির্মাতারা আরও উন্নতমানের ভিডিও তৈরি করতে পারবেন।
৬ দশমিক ৭৮ ইঞ্চি অ্যামোলেড পর্দার এই ডিভাইসে রয়েছে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৬০০ প্রো প্রসেসর। সঙ্গে রয়েছে ১৬ গিগাবাইট র্যাম ও ৫১২ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতা, যা ব্যবহারকারীদের একসঙ্গে একাধিক ভারী কাজ দ্রুত সম্পন্ন করতে সহায়তা করবে। দীর্ঘ সময় ব্যাকআপ নিশ্চিত করতে ফোনটিতে রয়েছে ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের একটি বিশাল ব্যাটারি। পাশাপাশি এতে ৮০ ওয়াট সুপারভুক ওয়্যার্ড চার্জিং এবং ৫০ ওয়াট এয়ারভুক ওয়্যারলেস চার্জিংয়ের সুব্যবস্থা থাকায় খুব কম সময়েই ব্যাটারি পূর্ণ করা সম্ভব।
লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে—এই দুটি আকর্ষণীয় রঙে বাজারে আসা ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। নতুন এই ফ্ল্যাগশিপ ডিভাইসটির বাজারজাতকরণ ও এর বিশেষ দিকগুলো নিয়ে সংশ্লিষ্ট কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল হ্যাসেলব্লাড ক্যামেরা সিস্টেম এবং তাদের বিশেষ ইমেজিং দর্শনের মাধ্যমে স্মার্টফোন ফটোগ্রাফিতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।