বিশ্ব রাজনীতিপ্রধান সংবাদ

আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ডিআইইউ শিক্ষক

রাশিয়ার মস্কোয় অনুষ্ঠিত পঞ্চম ‘অনেস্ট ভিউ’ আন্তর্জাতিক মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৬ জিতেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মো. আবদুল কাবিল খান। ‘পেশাদার সাংবাদিকতা’ ক্যাটাগরিতে নিজের নির্মিত প্রামাণ্যচিত্র সিরিজ ‘গোল্ডেন ডেজ’-এর জন্য তিনি এ সেরা পুরস্কার অর্জন করেন। কাবিল খান ডিআইইউর সাংবাদিকতা, গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ১৯ নভেম্বর মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। বিশ্বের ৮৫টি দেশের ৮০০টির বেশি কাজের মধ্য থেকে কাবিল খানের সিরিজটি নির্বাচিত হয়। আন্তর্জাতিক সংস্থা ‘রোসসোত্রুদনিচেস্তভো’ আয়োজিত এ আসরে বিশ্বের বিভিন্ন দেশের প্রখ্যাত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। ছয়টি ক্যাটাগরিতে মোট ৭০ লাখ রুবল অর্থমূল্যের এই প্রতিযোগিতা বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।

‘গোল্ডেন ডেজ’ সিরিজে দক্ষিণ এশিয়ায় বসবাসরত সোভিয়েত ও রুশ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের জীবনগাথা তুলে ধরা হয়েছে। পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় আবদুল কাবিল খান জানান, ২০১১ সালে রাশিয়ার আরইউডিএন ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে অধ্যয়নকালে তিনি ‘গোল্ডেন ডেজ’ প্রামাণ্যচিত্র সিরিজটির উদ্যোগ নেন। এই কাজের অংশ হিসেবে তিনি বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর করে প্রাক্তন শিক্ষার্থীদের বাসা ও কর্মস্থলে গিয়ে তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নিয়েছেন।

তিনি আরও বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি তাঁদের কাজের পরিধিকে বৈশ্বিক দর্শকদের কাছে আরও মূল্যবান করে তুলেছে। একই সঙ্গে এটি আরইউডিএন ইউনিভার্সিটির আগামী প্রজন্মের শিক্ষার্থীদের জন্য একটি অনন্য আর্কাইভাল রিসোর্স হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি মনে করেন।

ট্যাগ:#সাংবাদিকতা#আন্তর্জাতিক পুরস্কার#ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়#রাশিয়া#প্রামাণ্যচিত্র
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন