ক্যাম্পাস সংবাদপ্রধান সংবাদ

ইউজিসির আহ্বান উপেক্ষা করে পূর্বঘোষিত সূচিতেই ঢাবির ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ভর্তি পরীক্ষার সূচি পুনর্বিবেচনার আহ্বান প্রত্যাখ্যান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি তাদের পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ীই ভর্তি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে। ফলে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার সম্পূরক বা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন না। কারণ হিসেবে জানানো হয়েছে, চলতি মাসেই ঢাবিতে ভর্তির আবেদন প্রক্রিয়া শেষ হবে, অথচ সম্পূরক পরীক্ষা শুরু হবে আগামী ১ ডিসেম্বর।

এর আগে, শিক্ষা বিভাগ এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। যাতে এই শিক্ষার্থীরা আগামী শিক্ষাবর্ষেই উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পেতে পারেন। গত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি ফলাফলে দেখা যায়, ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। আর এক ও দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী।

এদিকে ইউজিসিতে অনুষ্ঠিত উপাচার্য ও প্রতিনিধিদের মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় যে, আগামী জানুয়ারি থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে এবং পরীক্ষা হবে ফেব্রুয়ারি থেকে। তবে এই সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ সংবাদ ব্রিফিংয়ে জানান, শিক্ষার্থীদের সুবিধা এবং পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনা করে বিশ্ববিদ্যালয়গুলোকে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।

ইউজিসির এই আহ্বানের পরিপ্রেক্ষিতে সোমবার সাধারণ ভর্তি কমিটির জরুরি সভা ডাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, দীর্ঘ করোনার ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সেশনজটে পড়েছে। ভর্তি পরীক্ষা পেছালে এই সেশনজট আরও প্রকট আকার ধারণ করবে। তাই সভায় সর্বসম্মতিক্রমে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ২৫ নভেম্বর আবেদনের শেষ সময় এবং ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। তবে ২৩ নভেম্বর প্রকাশিত ফলাফল পুনর্নিরীক্ষণে কোনো শিক্ষার্থীর ফল পরিবর্তিত হলে তিনি আবেদনের সুযোগ পাবেন।

ট্যাগ:#ঢাকা বিশ্ববিদ্যালয়#ইউজিসি#ভর্তি পরীক্ষা#এইচএসসি#শিক্ষা
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন