মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বৃত্তি ফলাফলে ফের নিজেদের শ্রেষ্ঠত্ব ও অনন্য মেধার প্রমাণ দিল রাজধানীর ডেমরায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ’। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার বৃত্তির ফলাফলে ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরি মিলিয়ে মোট ১১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভের গৌরব অর্জন করেছে।
প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, প্রতিষ্ঠানটি থেকে এ বছর মেধা তালিকায় (ট্যালেন্টপুল) ১৭ জন এবং সাধারণ তালিকায় ৯৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। ধারাবাহিকভাবে মেধা ও সুনামের এমন অসামান্য ধারাবাহিকতায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বইছে আনন্দ ও উৎসবের আমেজ।
প্রতিষ্ঠানটির এই অদম্য ও ঈর্ষণীয় অর্জনে সন্তোষ প্রকাশ করে প্রিন্সিপাল মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, “শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকদের নিরলস চেষ্টা এবং পরিচালনা পর্ষদ ও অভিভাবকদের সর্বাত্মক সহযোগিতার ফলেই আমরা বারবার এমন অনন্য অর্জন ধরে রাখতে সক্ষম হচ্ছি। আমাদের লক্ষ্য কেবল প্রাতিষ্ঠানিক সনদ নয়, বরং শিক্ষার্থীদের আলোকিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।”
উল্লেখ্য, পড়ালেখার গুণগত মান, শৃঙ্খলা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমে ডেমরা এলাকার এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরেই রাজধানীতে অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হয়ে আসছে। এসএসসি পরীক্ষার ফলাফলের মতো বৃত্তি পরীক্ষাতেও বারবার কৃতিত্বের লড়াইয়ে অদম্য সেরা হয়ে ওঠা প্রতিষ্ঠানটিকে নতুন মর্যাদায় উদ্ভাসিত করেছে।
শিক্ষার্থীদের এমন অসাধারণ সাফল্যে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা এবং শুভানুধ্যায়ীরা উত্তীর্ণ সব শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।