জাতীয়প্রধান সংবাদ

এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এস এম) হলের ছাত্র হিসেবে গর্ববোধ করার কথা জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, এই হলের ঐতিহ্য সংরক্ষণে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে এস এম হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই কথা বলেন। সকালে অ্যাসোসিয়েশনের সভাপতি জাকির আহমেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, “এস এম হলের ছাত্র হিসেবে আমি গর্ববোধ করি।” এ সময় তিনি হলে অবস্থানকালের নানা স্মৃতিচারণ করেন।

প্রতিনিধিদলের সদস্যরা বলেন, এস এম হলের ছাত্র হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তারা গৌরব বোধ করেন। তারা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তারা এস এম হলের ঝুঁকিপূর্ণ ভবনগুলো সংস্কার এবং নতুন ভবন নির্মাণের বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে রাষ্ট্রপতি বলেন, “ইতিহাস ও ঐতিহ্যের অংশ হিসেবে হলটি সংরক্ষণের জন্য যা যা প্রয়োজন, তার সব ব্যবস্থা করা হবে।”

হলের প্রাক্তন ছাত্র হিসেবে রাষ্ট্রপতি প্রতিনিধিদলকে হলের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন। এ জন্য প্রতিনিধিদল রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:#ঢাকা বিশ্ববিদ্যালয়#এস এম হল#রাষ্ট্রপতি#অ্যালামনাই অ্যাসোসিয়েশন#ঐতিহ্য
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন