৩ লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দিচ্ছে সরকার

দেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব বাইসাইকেলের গুণগত মান ও ব্যবহারিক সুবিধা পরখ করে দেখতে বুধবার সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ের প্রাঙ্গণে নিজে বাইসাইকেল চালিয়ে পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী ছাত্রীদের দেওয়ার জন্য কয়েক ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে আনা হয়। তিনি সেগুলোর মান পরীক্ষা করে দেখেন। নতুন এই সরকারি উদ্যোগের আওতায় দেশের প্রায় ২০ হাজার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিন লাখ শিক্ষার্থী একটি করে বাইসাইকেল পাবে।

প্রধানত নারী শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া এবং বিদ্যালয় থেকে ছাত্রীদের ঝরে পড়া রোধ করতেই এই প্রকল্প হাতে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বাইসাইকেল পরিদর্শনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল খালেকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ট্যাগ:#বাংলাদেশ#শিক্ষা#বাইসাইকেল#শিক্ষার্থী#শিক্ষা মন্ত্রণালয়#মাধ্যমিক শিক্ষা
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন