জাতীয়প্রধান সংবাদ

হামের উপসর্গ ও সংক্রমণে আরও নয়জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও নয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম এবং হামের উপসর্গ নিয়ে নতুন করে ১,৩৫১ জন রোগী শনাক্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত নয়জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে মোট ছয়জন রয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগে একজন করে মোট তিনজন মারা গেছেন। তবে নির্দিষ্ট এই ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সংক্রমণের হার সবচেয়ে বেশি। এ বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫২৬ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত ৪৩ জন শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগে উপসর্গ নিয়ে ১৬৭ জন ও নিশ্চিত হাম নিয়ে ২৫ জন শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগে এই সংখ্যা যথাক্রমে ১৮৩ ও ১ জন। এছাড়া বরিশাল বিভাগে উপসর্গ নিয়ে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুরে ৩৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১,২০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১,১৩৯ জন। গত ১৫ মার্চ থেকে শুরু করে এখন পর্যন্ত সন্দেহজনক হাম নিয়ে সারাদেশে মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৩০০ জন। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ১ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জনে।

ট্যাগ:#বাংলাদেশ#স্বাস্থ্য#হাম#রোগতত্ত্ব#হাসপাতাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন