জাতীয়প্রধান সংবাদ

কক্সবাজারে সমুদ্রপথে মালয়েশিয়াগামী উদ্ধার ৭, আটক ৪

কক্সবাজারের পেকুয়ায় সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে সাতজনকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে মানব পাচারের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে এবং পাচারে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। বুধবার রাত আটটার দিকে পেকুয়া পৌরসভার চৌমুহনী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের দক্ষিণ শুকলাল পাড়ার আমির হোসেন (৩০), মাইক্রোবাসচালক সোহেল আকবর (৩৫), চালকের সহকারী মুজিবুর রহমান (১৫) ও আলমগীর (২৫)। অপরদিকে উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন (২৫), হুমায়ুন কবির (২৪), রহিম উদ্দিন (৩০), মো. আজম নুর (৩০), মো. মিজান (৩০) ও আবুল কাশেম (৩০)। তারা সবাই বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে বাঁশখালীর ছনুয়া এলাকা থেকে কয়েকজন পুরুষকে সংগ্রহ করে সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে একটি মাইক্রোবাসে টেকনাফে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে পেকুয়া পৌরসভার চৌমুহনী এলাকায় যানবাহন তল্লাশি শুরু করা হয়। অভিযান চলাকালে বাঁশখালীর দিক থেকে আসা একটি সন্দেহজনক মাইক্রোবাস থামানো হয়। পরবর্তীতে চালক ও যাত্রীদের কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেলে তাদের থানায় নিয়ে আসা হয়। সেখানে ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ উপায়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা স্বীকার করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা জানান, মানব পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চালক ও সহকারীসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত যানবাহনটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মানব পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের এবং উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিবার ও স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

ট্যাগ:#কক্সবাজার#মানব পাচার#মালয়েশিয়া#পুলিশ#পেকুয়া
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন