সংখ্যাতত্ত্বের প্রস্তুতি শুরু করা যেতে পারে ভেদান্তু অলিম্পিয়াড স্কুলের ক্লাস করে। প্রথমে মডুলার পাটিগণিত শেখার মাধ্যমে এর সূচনা হয়, যা সময়ের সাথে সাথে আরও আকর্ষণীয় ও উন্নতরূপে সামনে আসে। শুরুতে মডের অধীনে মৌলিক অপারেশন ও ঘাত নির্ণয় শেখার পাশাপাশি অয়লারের টোশিয়েন্ট ফাংশন, উইলসনের উপপাদ্য, ফার্মার ক্ষুদ্র উপপাদ্য, বিভাজ্যতা, গসাগু, লসাগু এবং রৈখিক ডায়োফ্যান্টাইন সমীকরণ আয়ত্ত করতে হয়। আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের সংখ্যাতত্ত্বের জন্য এই তত্ত্বগুলো জানার পাশাপাশি আগের বছরের প্রশ্ন থেকে অনুশীলন করা প্রয়োজন। মডুলার ইনভার্স, অর্ডার, প্রিমিটিভ রুট ও কোয়াড্রেটিক রেসিডিউ সাধারণত প্রথম জাতীয় ক্যাম্পের পর শেখা যায়। আরও গভীরে গেলে লিফটিং দ্য এক্সপোনেন্ট লেমা বা এলটিই শেখা যায়, যা সাম্প্রতিক অলিম্পিয়াডগুলোতে প্রায়ই আসে। প্রমাণের ক্ষেত্রে মড, বাউন্ডিং ও ঘাত বিশ্লেষণের মতো ধারণাগুলো কাজে লাগে। এসব বিষয়ের জন্য 'মডার্ন অলিম্পিয়াড নাম্বার থিওরি' বইটি যথেষ্ট সহায়ক। এ ছাড়া নির্দিষ্ট বিষয়ের ওপর আলাদা নোট অনলাইনে সহজেই পাওয়া যায়।
কম্বিনেটরিক্সের দক্ষতা বাড়াতে নানাভাবে চেষ্টা করা যেতে পারে। আঞ্চলিক পর্বের কম্বিনেটরিক্সের বেশির ভাগ সমস্যা গণনা বা সম্ভাবনা নিয়ে হয়ে থাকে, যদিও সম্ভাবনার সমস্যাগুলোর মূলও গণনা। এই পর্বের জন্য বিন্যাস ও সমাবেশ জানা সবচেয়ে জরুরি। এই স্তরে কোনো নির্দিষ্ট বই পড়ার চেয়ে অনুশীলনের ওপর জোর দেওয়া ভালো। অনুশীলনের জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রশ্ন সহায়ক হতে পারে। প্রমাণভিত্তিক কম্বিনেটরিক্স শুরু করার জন্য বিশেষ কিছু বই পড়া যেতে পারে। কম্বিনেটরিক্স নিয়ে প্রধান পরামর্শ হলো ইনভেরিয়েন্স, পিজনহোল নীতি বা গ্রাফ তত্ত্বের মতো প্রতিটি বিষয়ে আলাদাভাবে মনোযোগ দেওয়া এবং তা ভালোভাবে আয়ত্ত করা। এ জন্য অনলাইন প্ল্যাটফর্ম বা সমস্যা-সেট ব্যবহার করা যেতে পারে। কম্বিনেটরিক্সের দক্ষতা শক্ত করতে কম্পিটিটিভ প্রোগ্রামিংও সাহায্য করতে পারে।