গণিতের পাঠশালাপ্রধান সংবাদ

গণিত থেকে কবিতায় ব্যবহার হয়েছে সংখ্যার যে ধারা: ফিবোনাচ্চি

প্রতিবছর ২৩ নভেম্বর ইন্টারনেটজুড়ে দেখা যায় নানা মজার ছবি, পোস্ট আর মিম। উপলক্ষ ফিবোনাচ্চি দিবস। এমন একজন গণিতবিদকে স্মরণ করার দিন, যিনি হয়তো কখনো কল্পনাও করেননি যে তার নাম একদিন বিশ্বজুড়ে আলোচিত হবে। অথচ তার আবিষ্কৃত সংখ্যার ধারাটি টিকে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে। রাজা-বাদশাহর শাসন, সাম্রাজ্যের উত্থান-পতন কিংবা বিজ্ঞানের নানা যুগ পেরিয়েও এর আবেদন কমেনি।

ফিবোনাচ্চি ধারাটি বুঝতে খুব বেশি গণিত জানার প্রয়োজন নেই। শুরু করতে হবে ১ ও ১ দিয়ে। এই দুটি সংখ্যা যোগ করলে পাওয়া যায় ২। এরপর আগের দুটি সংখ্যা যোগ করলে হয় ৩। এভাবে ধারাটি এগিয়ে যায়-১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৫৫, ৮৯...। স্কুলের শিক্ষার্থীরা গণিতের ক্লাসে এই ধারা শেখে। শেয়ারবাজারের বিশ্লেষকেরা দাম ওঠানামার পূর্বাভাস দিতে এর বিভিন্ন অনুপাত ব্যবহার করেন। আবার সামাজিক যোগাযোগমাধ্যমের অনেকেই নিজেদের ছবি বা সৌন্দর্যের ব্যাখ্যায় টেনে আনেন ‘গোল্ডেন রেশিও’ বা স্বর্ণ অনুপাতের প্রসঙ্গ। তবে গণিতবিদেরা এসব অতিরঞ্জিত ব্যাখ্যা শুনে হয়তো মুচকি হাসেন।

ফিবোনাচ্চি নন, লিওনার্দো

ফিবোনাচ্চি নামটি শুনলেই অনেকের মনে একজন গণিতবিদের ছবি ভেসে ওঠে। কিন্তু মজার বিষয় হলো, তার প্রকৃত নাম ফিবোনাচ্চি ছিল না। তার আসল নাম লিওনার্দো অব পিসা। ইতিহাসবিদেরা অনেক পরে তাকে ‘ফিবোনাচ্চি’ নামে পরিচিত করেন। নামটি এসেছে লাতিন ‘ফিলিউস বোনাচ্চি’ থেকে, যার অর্থ বোনাচ্চির ছেলে। তিনি নিজে এই নামে পরিচিত ছিলেন না। আজ বেঁচে থাকলে সামাজিক যোগাযোগমাধ্যমে বিড়াল কিংবা রাজনৈতিক বিতর্কের পাশাপাশি নিজের নামে মিম ছড়াতে দেখে হয়তো বেশ অবাকই হতেন।

তবে গণিত ও বিজ্ঞানে লিওনার্দোর অবদান নিয়ে কোনো সন্দেহ নেই। ১২০২ সালে তিনি লেখেন বিখ্যাত গ্রন্থ ‘লিবার অ্যাবাসি’। এই বইয়ের মাধ্যমে ইউরোপে হিন্দু-আরবি সংখ্যা পদ্ধতির পরিচিতি ছড়িয়ে পড়ে। তখন ইউরোপে হিসাব-নিকাশের কাজে রোমান সংখ্যা ব্যবহৃত হতো। কিন্তু এই পদ্ধতিতে বড় সংখ্যার যোগ, বিয়োগ, গুণ কিংবা ভাগ করা ছিল বেশ কঠিন। যেমন-XLVIII সংখ্যাটির সঙ্গে CCLXV গুণ করতে গেলে যে কেউ সমস্যায় পড়তে পারেন। অন্যদিকে ০ থেকে ৯ পর্যন্ত সংখ্যা ব্যবহার করে হিসাব করা অনেক সহজ।

লিওনার্দোর বই ইউরোপের ব্যবসা-বাণিজ্য, হিসাবরক্ষণ ও বিজ্ঞানচর্চায় বড় পরিবর্তন আনে। বলা যায়, ইউরোপকে আধুনিক সংখ্যা পদ্ধতির সঙ্গে পরিচিত করানোর ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

খরগোশের ধাঁধা থেকে সংখ্যার ধারা

মজার বিষয় হলো, লিওনার্দোর ‘লিবার অ্যাবাসি’ বইয়ে ফিবোনাচ্চি সংখ্যার ধারাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। বইয়ের একটি ছোট্ট গাণিতিক সমস্যার মধ্যেই এর উল্লেখ পাওয়া যায়। সমস্যাটি ছিল খরগোশের বংশবৃদ্ধি নিয়ে।

ধরা যাক, এক জোড়া খরগোশ একটি নির্দিষ্ট নিয়মে প্রতি মাসে নতুন জোড়া খরগোশের জন্ম দেয়। এভাবে চলতে থাকলে এক বছর পর মোট কত জোড়া খরগোশ হবে? এই সমস্যার সমাধান করতে গিয়ে লিওনার্দো এমন একটি সংখ্যার ধারা তুলে ধরেন, যেখানে পরবর্তী সংখ্যাটি আগের দুটি সংখ্যার যোগফল।

তার কাছে এটি ছিল মূলত গণিত শেখানোর একটি কৌশল। তিনি দাবি করেননি যে প্রকৃতির সবকিছুই এই নিয়ম মেনে চলে। এমনকি একদিন মানুষ সূর্যমুখী ফুল, আনারস কিংবা শামুকের খোলসে এই ধারার মিল খুঁজবে, সেটিও হয়তো তার কল্পনায় ছিল না।

তবে সময়ের সঙ্গে সঙ্গে এই সাধারণ সংখ্যার ধারা গণিতের জগতে বিশেষ গুরুত্ব পেতে শুরু করে। কারণ, ধারাটির রয়েছে বেশ কিছু চমৎকার বৈশিষ্ট্য। প্রতিটি নতুন সংখ্যা আগের দুটি সংখ্যার যোগফল হওয়ায় এটি দ্রুত বড় হতে থাকে। এর বীজগাণিতিক বৈশিষ্ট্যও বেশ আকর্ষণীয়।

সবচেয়ে আলোচিত বিষয় হলো, ধারাটির পরপর দুটি সংখ্যার অনুপাত ধীরে ধীরে একটি নির্দিষ্ট মানের কাছাকাছি পৌঁছায়। এই মানকে বলা হয় ‘গোল্ডেন রেশিও’ বা স্বর্ণ অনুপাত। এর মান প্রায় ১.৬১৮। শিল্পকলা, স্থাপত্য ও নকশার নানা আলোচনায় এই অনুপাতের উল্লেখ পাওয়া যায়। এভাবেই খরগোশের বংশবৃদ্ধির একটি সাধারণ হিসাব একসময় গণিতের বাইরেও পরিচিতি পায়।

প্রকৃতিতেও লুকিয়ে আছে ফিবোনাচ্চি?

প্রকৃতির নানা জায়গায় ফিবোনাচ্চি ধারার সঙ্গে মিলে যায় এমন কিছু বিন্যাস দেখা যায়। সূর্যমুখী ফুলের বীজের বিন্যাস, আনারসের গায়ে থাকা আঁশ কিংবা পাইনকোনের সর্পিল আকৃতিতে এর উদাহরণ পাওয়া যায়। এসব বিন্যাসে বীজ বা আঁশ এমনভাবে সাজানো থাকে, যাতে জায়গার সর্বোত্তম ব্যবহার করা যায় এবং বৃদ্ধি সহজ হয়।

তবে প্রকৃতির সবকিছুই যে ফিবোনাচ্চি নিয়ম মেনে চলে, তা নয়। নটিলাস নামের সামুদ্রিক প্রাণীর খোলস দেখতে অনেকটা ফিবোনাচ্চি সর্পিলের মতো হলেও এর সঙ্গে ধারাটির নিখুঁত মিল নেই। একইভাবে গ্যালাক্সির সর্পিল বাহুতেও কিছুটা মিল দেখা যায়, কিন্তু সেগুলোও পুরোপুরি এই গাণিতিক নিয়ম অনুসরণ করে না।

অর্থাৎ প্রকৃতিতে ফিবোনাচ্চি ধারার উপস্থিতি রয়েছে, তবে তা সর্বত্র বা সব ক্ষেত্রে সমানভাবে দেখা যায় না। মানুষ স্বাভাবিকভাবেই বিভিন্ন ঘটনার মধ্যে মিল ও ছন্দ খুঁজতে ভালোবাসে। ফিবোনাচ্চি ধারা সেই অনুসন্ধানের জন্য একটি আকর্ষণীয় উদাহরণ।

সব জায়গাতেই ফিবোনাচ্চি

গণিতের গণ্ডি পেরিয়ে ফিবোনাচ্চি ধারা জায়গা করে নিয়েছে শিল্পকলা, সাহিত্য, প্রযুক্তি ও অর্থনীতিতেও। আধুনিক শেয়ারবাজারে ‘ফিবোনাচ্চি রিট্রেসমেন্ট’ নামে একটি বিশ্লেষণ পদ্ধতি বেশ পরিচিত। এতে ফিবোনাচ্চি ধারার বিভিন্ন সংখ্যার অনুপাত ব্যবহার করে শেয়ারের দাম কোন পর্যায়ে গিয়ে থামতে পারে বা আবার বাড়তে পারে, সে সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করেন বিনিয়োগকারীরা।

বিশেষ করে ২৩.৬, ৩৮.২, ৫০ ও ৬১.৮ শতাংশের মতো কিছু স্তরকে সম্ভাব্য মূল্য পরিবর্তনের নির্দেশক হিসেবে ব্যবহার করা হয়। তবে এসব অনুপাত বাজারের গতিপথ নিশ্চিতভাবে বলে দিতে পারে না। শেয়ারবাজারের ওঠানামা অনেক বিষয়ের ওপর নির্ভরশীল। তারপরও অনেক বিনিয়োগকারী এই পদ্ধতির ওপর আস্থা রাখেন।

কম্পিউটার বিজ্ঞানের জগতেও ফিবোনাচ্চি ধারার ব্যবহার রয়েছে। বিভিন্ন অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার ও প্রোগ্রামিং শেখানোর ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ উদাহরণ। কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রায়ই নির্দিষ্ট অবস্থানের ফিবোনাচ্চি সংখ্যা বের করার প্রোগ্রাম লিখতে বলা হয়। এর মাধ্যমে রিকারশন বা পুনরাবৃত্তিমূলক প্রোগ্রামিংয়ের ধারণা শেখানো হয়। একই সঙ্গে বোঝা যায়, যথাযথ অপটিমাইজেশন ছাড়া একটি সাধারণ প্রোগ্রামও কীভাবে অকার্যকর হয়ে উঠতে পারে।

সাহিত্যেও রয়েছে এর ব্যবহার। কয়েকজন কবি ফিবোনাচ্চি ধারার সংখ্যার ভিত্তিতে কবিতার পঙ্‌ক্তি সাজানোর পরীক্ষা করেছেন। এতে প্রতিটি স্তরে পঙ্‌ক্তির সংখ্যা নির্দিষ্ট অনুপাতে বাড়ানো হয়। এমন কবিতা খুব বেশি লেখা না হলেও এটি প্রমাণ করে, একটি গাণিতিক ধারা কীভাবে সৃজনশীলতার জগতেও জায়গা করে নিতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ:#গণিতের পাঠশালা#ক্যাম্পাস জার্নাল
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন