গাজীপুরে তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভের একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি ও ছয়দানা এলাকায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা মহাসড়ক অবরোধ করায় ঢাকা-ময়মনসিংহ রুটে দীর্ঘ সময় যানচলাচল বন্ধ হয়ে পড়ে, ফলে সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকালে ছয়দানা এলাকার একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের সরিয়ে দেয়। তিনি জানান, আন্দোলনকারী শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার পর ওই রুটে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
সংঘর্ষ ও গোলযোগ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলেও পুলিশ সুপারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কিছুদিন ধরে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তৈরি পোশাক খাতের শ্রমিকরা। এ আন্দোলনের ফলে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার কারণে গাজীপুর, সাভার ও আশুলিয়ার অনেক পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।