নৃত্য ও সংগীতপ্রধান সংবাদ

গিনেস বুকে রুনা লায়লা ও তাঁর জীবনের নানান বাঁক

৬০ বছরের বেশি সময়ের পেশাদার সংগীতজীবন উপমহাদেশের কিংবদন্তি শিল্পী রুনা লায়লা র। দীর্ঘ সংগীতজীবনে গান গেয়েছেন ১০ হাজারের বেশি। গান গেয়ে তিনি জায়গা করে নিয়েছেন গিনেস বুকে। এই সংগীতশিল্পীর আজ জন্মদিন। জন্মদিনে একনজরে জেনে নেওয়া যাক তাঁর জীবনের আরও কয়েকটি উল্লেখযোগ্য দিক

নাচ দিয়ে শুরু, গানে বিশ্ব জয় ছোটবেলায় স্বপ্ন ছিল নৃত্যশিল্পী হওয়ার। অথচ সেই মেয়েটিই একদিন হয়ে উঠলেন উপমহাদেশের সংগীতের কিংবদন্তি। ১০ হাজারের বেশি গান, গিনেস বুকে বিশ্ব রেকর্ড, দেশ-বিদেশে অসংখ্য সম্মাননা—ছয় দশকের বেশি সময় ধরে সংগীতজগতে আলো ছড়াচ্ছেন রুনা লায়লা। আজ ১৭ নভেম্বর তাঁর ৭৪তম জন্মদিন। ১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্ম রুনা লায়লার। বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী, মা আমিনা লায়লা। বাবার চাকরির সূত্রে শৈশব কাটে করাচিতে। সেখানে চার বছর কত্থক ও ভরতনাট্যম শেখেন। বড় বোন দিনা লায়লার গান শুনে সংগীতের প্রতি আগ্রহ জন্মায়। মাত্র ছয় বছর বয়সে প্রথম মঞ্চে গান করেন। ১৯৬৪ সালে, মাত্র ১২ বছর বয়সে উর্দু চলচ্চিত্র ‘জুগনু’র জন্য প্রথম গান রেকর্ড করেন। এরপর পাকিস্তানের চলচ্চিত্রে জনপ্রিয়তা পান। বাংলা চলচ্চিত্রে তাঁর প্রথম গান ‘গানেরই খাতায় স্বরলিপি লিখে’। ১৯৭৪ সালে পরিবারের সঙ্গে বাংলাদেশে ফিরে আসেন। তবে দেশে ফিরে সংগীতাঙ্গনের একাংশের বর্জনের মুখেও পড়েছিলেন। শ্রোতাদের ভালোবাসায় সেই বাধা পেরিয়ে যান। বাংলা, হিন্দি, উর্দুসহ বহু ভাষায় গান গেয়েছেন রুনা। নিসার বাজমির সুরে তিন দিনে ৩০টি গান রেকর্ড করে জায়গা পান গিনেস বুকে। ১৯৮২ সালে প্রকাশিত ‘সুপার রুনা’ অ্যালবামের প্রথম দিনেই বিক্রি হয় এক লাখ কপি। পেয়েছেন স্বাধীনতা পদক, একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা। শুধু গান নয়, চাষী নজরুল ইসলামের ‘শিল্পী’ চলচ্চিত্রে অভিনয় করেছেন আলমগীরের বিপরীতে। সংগীত পরিচালনাতেও দেখিয়েছেন প্রতিভা। ব্যক্তিজীবনে অভিনেতা আলমগীর তাঁর স্বামী, সংগীতশিল্পী আঁখি আলমগীর তাঁর সৎকন্যা। ‘দমাদম মাস্ত কালান্দার’, ‘সাধের লাউ’, ‘বন্ধু তিন দিন’ কিংবা ‘যখন থামবে কোলাহল’—প্রজন্মের পর প্রজন্ম মাতিয়ে রাখা রুনা লায়লা আজও গান নিয়েই বাঁচতে চান।

ট্যাগ:#রুনা লায়লা#জন্মদিন#সংগীত শিল্পী
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন