গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে মাঠে তৎপর রয়েছে পুলিশ ও বিজিবি। জেলায় চলমান পরিস্থিতি নিয়ে যৌথ সংবাদ সম্মেলনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা জানমাল ও সরকারি স্থাপনার সুরক্ষায় গৃহীত পদক্ষেপ তুলে ধরেছেন।
রোববার সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান এবং পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে বিজিবি কমান্ডার জানান, জেলার উদ্ভূত পরিস্থিতিতে সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রথমে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হলেও রোববার নতুন করে আরও ৩ প্লাটুন যুক্ত করা হয়েছে। বর্তমানে মোট ছয় প্লাটুনে ১৫০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। তারা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে সক্রিয় রয়েছেন।
বিজিবি কর্মকর্তা আরও উল্লেখ করেন, সকালে জেলা প্রশাসকের কার্যালয় কমপ্লেক্স এলাকায় বিপুল সংখ্যক মানুষ বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালিয়েছিল। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সময়োপযোগী পদক্ষেপের কারণে কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জেলায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্বোচ্চ সজাগ থাকবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলনে পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি জানান, গোপালগঞ্জ জুড়ে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১ হাজার ৩৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ ফোর্সের পাশাপাশি সেখানে বিজিবি, আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
তিনি আরও বলেন, জেলার ৬৭ কিলোমিটার দীর্ঘ মহাসড়কে কঠোর নজরদারি ও পর্যাপ্ত মোবাইল টহল জোরদার করা হয়েছিল, যার ফলে জাতীয় মহাসড়কে যান চলাচল এক মুহূর্তের জন্যও ব্যাহত হয়নি। এছাড়া গোপালগঞ্জ সদরসহ চারটি পৌরসভা ও উপজেলা সদরে অতিরিক্ত বল মোতায়েন করে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা হয়েছে। উদ্ভূত হুমকি পর্যালোচনা করে প্রতিদিন নিরাপত্তা পরিকল্পনা পরিবর্তন করা হচ্ছে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা অব্যাহত থাকবে।