বিশ্ব রাজনীতিপ্রধান সংবাদ

চট্টগ্রাম, সিলেট ও নোয়াখালী ‘পুনরুদ্ধারের’ দাবি বিজেপি এমপির

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লোকসভা সদস্য নিশিকান্ত দুবে দাবি করেছেন, পাকিস্তাননিয়ন্ত্রিত কাশ্মীরের পাশাপাশি বাংলাদেশের নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম বন্দর ‘পুনরুদ্ধার’ করার সময় এসেছে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নীতিকে দায়ী করে তিনি দাবি করেন, এই তিনটি অঞ্চল একসময় অবিভক্ত ত্রিপুরার অন্তর্গত ছিল এবং তা জোর করে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছিল।

এক সাক্ষাৎকারে ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডা থেকে নির্বাচিত এই এমপি দেশভাগের প্রেক্ষাপট তুলে ধরে নেহরুর তীব্র সমালোচনা করেন। তাঁর দাবি, তৎকালীন ত্রিপুরার রাজা বীর বিক্রম সিং রাজ্যের ভূখণ্ড হস্তান্তরের তীব্র বিরোধিতা করেছিলেন। নিশিকান্ত অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দর হাতছাড়া হওয়ার কারণেই বর্তমান ভারতের উত্তর-পূর্বাঞ্চল অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে এবং সেখানকার খনিজ ও প্রাকৃতিক সম্পদের যথাযথ সদ্ব্যবহার করা যাচ্ছে না।

বিজেপির এই নেতা আরও অভিযোগ করেন, ১৯৪৭ সালে দেশভাগের প্রক্রিয়ায় তৎকালীন কংগ্রেস নেতৃত্ব অবিচার করেছিল। তাঁর এই বক্তব্যকে সমর্থন জানিয়ে ত্রিপুরার তিপ্রা মথা দলের প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছেন, দেশভাগের সময় ত্রিপুরার বিশাল অংশ ছেড়ে দেওয়া ছিল এক ঐতিহাসিক ভুল। উল্লেখ্য, বিভিন্ন সময়ে এমন উসকানিমূলক ও বিতর্কিত মন্তব্যের কারণে নিশিকান্ত দুবে প্রায়ই সমালোচনার মুখে পড়েন।

ট্যাগ:#ভারত#বিজেপি#নিশিকান্ত দুবে#চট্টগ্রাম#সিলেট#নোয়াখালী
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন