জাতীয়প্রধান সংবাদ

চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক পূরবী বসু

কথাসাহিত্যিক, প্রাবন্ধিক ও বিজ্ঞানী পূরবী বসু মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজ বাসায় তার জীবনাবসান হয়। তার স্বামী জ্যোতিপ্রকাশ দত্ত সংবাদমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একুশে পদকপ্রাপ্ত এই কথাসাহিত্যিক দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। একসময় তার স্ট্রোকও হয়েছিল। এছাড়া অতীতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তার শারীরিক নানা জটিলতা লেগেই ছিল। মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্বামী জ্যোতিপ্রকাশ দত্ত। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পূরবী বসুর জন্ম ১৯৪৯ সালের ২১ সেপ্টেম্বর মুন্সীগঞ্জে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান। সেখানে মেডিকেল কলেজ অব পেনসিলভানিয়া থেকে প্রাণরসায়নে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব মিসৌরি থেকে পুষ্টিবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

পেশাগত জীবনে একজন বিজ্ঞানী হিসেবে নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং ক্যান্সার সেন্টার ও কর্নেল ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করেছেন পূরবী বসু। দীর্ঘ বিদেশবাস শেষে দেশে ফিরে তিনি একটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানে উচ্চপদে কাজ করেন। পরবর্তীতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের স্বাস্থ্য বিভাগের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

বিজ্ঞানের পাশাপাশি বাংলা সাহিত্যেও অনন্য অবদান রেখে গেছেন পূরবী বসু। তার লেখায় মূলত নারীবাদী চেতনা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সমাজের প্রান্তিক মানুষের জীবনসংগ্রাম জোরালোভাবে ফুটে উঠেছে। গল্প, উপন্যাস, প্রবন্ধ ও কবিতা মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৪০টিরও বেশি।

তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে রয়েছে ‘নারী তুমি নিত্য’, ‘অবিনাশী যাত্রা’, ‘আমার এ দেহখানি’, ‘প্রাচ্য পুরাণ ও প্রাচ্যে পুরাতন নারী’ এবং ‘নারী দীপাবলী’। সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০৫ সালে অনন্যা সাহিত্য পুরস্কার এবং ২০১৩ সালে মর্যাদাপূর্ণ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

ব্যক্তিগত জীবনে ১৯৬৭ সালে কথাসাহিত্যিক জ্যোতিপ্রকাশ দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পূরবী বসু। সাহিত্যচর্চা ও ব্যক্তিজীবনের দীর্ঘ পথচলায় তারা একে অপরের আজীবন সহযাত্রী ছিলেন।

ট্যাগ:#পূরবী বসু#কথাসাহিত্যিক#বিজ্ঞানী#মৃত্যু#সাহিত্য
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন