স্বাস্থ্যসেবাপ্রধান সংবাদ

চল্লিশ ও পঞ্চাশে সুস্থ থাকতে বিশেষজ্ঞদের ৫ পরামর্শ

চল্লিশ ও পঞ্চাশের কোঠায় পৌঁছালে অনেকের শারীরিক সামর্থ্য বা শক্তি কমতে শুরু করে। হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথার পাশাপাশি অনেকেরই অনিয়ন্ত্রিতভাবে ওজন বেড়ে যেতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জীবনের এই গুরুত্বপূর্ণ মধ্যবয়সে নেওয়া সিদ্ধান্তই নির্ধারণ করে ষাট বা সত্তরের কোঠায় আপনার স্বাস্থ্য পরিস্থিতি কেমন থাকবে। স্ট্যানফোর্ড মেডিসিনের চিকিৎসাবিজ্ঞানীরা চল্লিশ ও পঞ্চাশের কোঠায় সুস্থতার জন্য পাঁচটি মূল অভ্যাসের ওপর গুরুত্ব দিয়েছেন। গবেষকদের মতে, ভালো অভ্যাস শুরুর ক্ষেত্রে কখনোই বেশি দেরি হয়ে যায় না।

চল্লিশ বছর পেরোনোর পর থেকেই শরীরে প্রতিবছর প্রায় ১ শতাংশ করে পেশিক্ষয় হয়, যা পঞ্চাশের কোঠায় পৌঁছালে আরও বৃদ্ধি পায়। চিকিৎসাবিজ্ঞানে একে ‘সারকোপেনিয়া’ বলা হয়। এটি সরাসরি শরীরের শক্তি, ভারসাম্য ও বিপাকক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলে। তবে নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এই ক্ষয় ধীর করা সম্ভব। পেশি ও হাড়ের ঘনত্ব ধরে রাখতে সপ্তাহে অন্তত দুই দিন স্কোয়াট, ডাম্বেল কার্ল, লাঞ্জ বা পুশআপের মতো রেজিস্ট্যান্স ট্রেইনিং করা উচিত। নতুন পেশি তৈরি করতে হলে পেশিকে ক্লান্তির কাছাকাছি পর্যায় পর্যন্ত নিয়ে গিয়ে ব্যায়াম করতে হবে। এর পাশাপাশি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার কার্ডিও (যেমন দ্রুত হাঁটা) অথবা ৭৫ মিনিট দৌড়ানো বা সাইকেল চালানো জরুরি। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাড়ি বা অফিসে অল্প অল্প হাঁটার চেয়ে একটানা অন্তত ১০ মিনিট হাঁটা অকাল মৃত্যুঝুঁকি কমাতে বেশি কার্যকর।

এই বয়সে কায়িক শ্রম কমে যাওয়া ও হরমোনের পরিবর্তনের কারণে দ্রুত ওজন বাড়তে থাকে। ফলে হৃদরোগ, ডায়াবেটিস ও অস্টিওপোরোসিসের মতো রোগগুলো নীরবে দানা বাঁধে। শরীর সুস্থ রাখতে বিশেষজ্ঞরা ভূমধ্যসাগরীয় খাদ্যাভ্যাস বা ‘মেডিটেরানিয়ান ডায়েট’ অনুসরণের পরামর্শ দিয়েছেন। এই খাদ্যাভ্যাসে প্রচুর শাকসবজি, তাজা ফলমূল, ডাল, শিম, বাদাম, লাল আটা এবং রান্নার প্রধান তেল হিসেবে অলিভ অয়েল ব্যবহার করা হয়। অন্যদিকে লাল মাংস, প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত চিনি, কোমল পানীয়, মাখন ও ফাস্ট ফুড এড়িয়ে চলা হয়। এই বয়সে পেশিক্ষয় রোধে প্রতি কেজি ওজনের বিপরীতে দৈনিক ১ থেকে ১.২ গ্রাম প্রোটিন খাওয়া উচিত। পাশাপাশি রক্তে শর্করা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে দিনে ২৫ থেকে ৩১ গ্রাম ফাইবার গ্রহণ করা এবং মোট ক্যালরির পরিমাণ সীমিত রাখা প্রয়োজন।

হরমোনের পরিবর্তন ও শারীরিক নানা জটিলতায় মধ্যবয়সে ঘুমের সমস্যা বাড়ে। পর্যাপ্ত ঘুমের অভাব মস্তিষ্কের সক্ষমতা কমায় এবং ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক অন্তত সাত ঘণ্টা মানসম্মত ঘুম প্রয়োজন। ঘুমানোর আগে পর্দার আলো, অ্যালকোহল ও ভারী ব্যায়াম এড়িয়ে চলার পরামর্শ দেন চিকিৎসকেরা। তাছাড়া উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা ক্যানসারের মতো দীর্ঘমেয়াদি রোগ শনাক্তে প্রতিবছর রক্তচাপ, কোলেস্টেরল ও ডায়াবেটিস পরীক্ষা করানো উচিত। ৪৫ বছর বয়স থেকে কোলোনোস্কোপি এবং নারীদের স্তন ক্যানসার ও পুরুষদের প্রোস্টেট ক্যানসার স্ক্রিনিং নিয়মিত করানো প্রয়োজন।

কর্মক্ষেত্র, অর্থ ও পরিবার সামলাতে গিয়ে দীর্ঘমেয়াদি মানসিক চাপ তৈরি হতে পারে, যা হৃদ্‌যন্ত্রের ক্ষতি করে ও রোগপ্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। মেডিটেশন ও শ্বাসের ব্যায়ামের মাধ্যমে এই চাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। সুস্বাস্থ্যের জন্য সামাজিক সম্পর্ক বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে, সামাজিক বিচ্ছিন্নতা অকালমৃত্যুর ঝুঁকি প্রায় ৩০ শতাংশ বাড়িয়ে দেয়, যা দৈনিক ১৫টি সিগারেট পানের সমান ক্ষতিকর। অন্যদিকে পরিবার, বন্ধু ও সামাজিক কাজে যুক্ত থাকলে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এবং মানসিক সুস্বাস্থ্য বজায় থাকে।

ট্যাগ:#স্বাস্থ্যসেবা#জীবনযাপন#হেলথ টিপস#ফিটনেস#খাদ্যাভ্যাস
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন