কর্মস্থলে অনুপস্থিতি, অসদাচরণ ও পলায়নের মতো সুনির্দিষ্ট অভিযোগে অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদারসহ পুলিশের সাত কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। এর আগে গত ৩১ অক্টোবর ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন উর রশিদসহ আটজন কর্মকর্তা একই ধরনের আদেশে চাকরি হারিয়েছিলেন।
চাকরি হারানো অপর ছয় কর্মকর্তা হলেন—ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. নাজমুল ইসলাম, রংপুর সিআইডির সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগ, ময়মনসিংহ মুক্তাগাছা বিএনের সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান, গাইবান্ধা ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান এবং সুনামগঞ্জ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান।
প্রলয় কুমার জোয়ারদারের বিরুদ্ধে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ রয়েছে। প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হলেও পরবর্তী সময়ে যোগাযোগের চেষ্টা করেও কোনো জবাব পাওয়া যায়নি। ফলে প্রজ্ঞাপনে তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত জানানো হয়।
মো. নাজমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ, তিনি ছুটির আবেদন করে ১৭ এপ্রিল কর্মস্থল ত্যাগ করলেও নির্ধারিত সময় শেষে আর ফেরেননি। তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া সহকারী পুলিশ সুপার মো. আরিফুজ্জামান গত বছরের ১৩ অক্টোবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নেওয়ার মিথ্যা অজুহাতে কর্মস্থল ত্যাগ করেন। পরবর্তী সময়ে দীর্ঘ অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সহকারী পুলিশ সুপার সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ২০২১ সালের ২৩ আগস্ট এক এএসআই ও এক কনস্টেবলকে নিয়ে দিনাজপুরের চিরিরবন্দরে গিয়ে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালান। সেখানে কাউকে না পেয়ে তার স্ত্রী ও ছেলেকে মাইক্রোবাসে তুলে নিয়ে দুই দিন বিভিন্ন স্থানে ঘোরানোর পর আটকে রেখে টাকা দাবি করেন। এ ঘটনায় থানায় ভুয়া মামলা করানোর মাধ্যমে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে তাকে বরখাস্ত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ছয় দিনের ছুটি নিয়ে গাইবান্ধার কর্মস্থল থেকে বের হলেও আর যোগ দেননি। একইভাবে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমান ২০১৬ সাল থেকেই নিজ কার্যালয়ে অনুপস্থিত ছিলেন এবং ২০১৭ সালের ২৯ মে থেকে তিনি সম্পূর্ণভাবে কর্মস্থল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান গত ২৯ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তিনি ৩০ জানুয়ারি অধস্তন এক কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার মেসেজ পাঠিয়ে যোগাযোগ বন্ধ করে দেন। এসব সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের সাতজনকে চাকরি থেকে বরখাস্ত করা হলো।