জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষের পথে থাকলেও এখনও তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি। ফলে আগামী ১ জানুয়ারি থেকে বিশ্ব সংস্থাটি নেতৃত্বশূন্য হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
নতুন মহাসচিব নির্বাচনে চলতি সপ্তাহে আবারও গোপন ভোটাভুটি করার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এর আগে আট দফা ভোটাভুটি হলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া ও ফ্রান্সের মধ্যে কোনো একক প্রার্থীর বিষয়ে সমঝোতা হয়নি। এমন পরিস্থিতিতে চলতি বছরের ৩১ ডিসেম্বর গুতেরেস দায়িত্ব ছাড়ার পর সৃষ্ট নেতৃত্বের শূন্যতা কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশ্লেষকদের মতে, দীর্ঘ ও অস্বচ্ছ নির্বাচনপ্রক্রিয়ার পাশাপাশি বৈশ্বিক শক্তিগুলোর মধ্যকার রাজনৈতিক অনৈক্য ও সমঝোতার ঘাটতিই এই অচলাবস্থার মূল কারণ। এর আগে ২০১৬ সালে আন্তোনিও গুতেরেসকে নির্বাচিত করার ক্ষেত্রেও ছয় দফা ভোটের প্রয়োজন হয়েছিল।
এবারের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় জাতিসংঘের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তা রয়েছেন। তাঁদের মধ্যে আলোচনায় সবচেয়ে এগিয়ে আছেন রেবেকা গ্রিনস্প্যান। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসাইবেহের প্রার্থিতা নিয়েও কূটনৈতিক মহলে আলোচনা চলছে। তবে সুদানের গৃহযুদ্ধে দেশটির আধাসামরিক বাহিনীকে সমর্থনের অভিযোগে নুসাইবেহের প্রার্থিতা তীব্র বিরোধিতার মুখে পড়েছে। যদিও সংযুক্ত আরব আমিরাত এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে।
নির্বাচিত হওয়া নতুন মহাসচিবকে বিশ্বজুড়ে চলমান যুদ্ধবিগ্রহ, যুক্তরাষ্ট্রের অর্থায়ন হ্রাস, জাতিসংঘের বিভিন্ন সংস্থা থেকে ওয়াশিংটনের সরে দাঁড়ানোর মতো জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। একইসঙ্গে সংস্থাকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করে তোলার চাপও থাকবে তাঁর ওপর।
জাতিসংঘ সনদে মহাসচিবের পদ আকস্মিক শূন্য হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই। অতীতে কোনো মহাসচিবের মেয়াদ শেষ হওয়ার আগে উত্তরসূরি নির্বাচিত না হওয়ার এমন নজির আর নেই।
এই পরিস্থিতিতে সম্ভাব্য বিকল্প হিসেবে গুতেরেসের মেয়াদ সাময়িকভাবে বাড়ানো অথবা অন্য কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে প্রতিটি বিকল্পেরই নিজস্ব আইনি ও রাজনৈতিক জটিলতা রয়েছে।
সাবেক জাতিসংঘ কর্মকর্তা ড্যানিয়েল সাফরান-হন বলেন, আগামী ১ জানুয়ারির মধ্যে নতুন মহাসচিব দায়িত্ব গ্রহণ না করলে কার্যত সংস্থাটির নেতৃত্বে কেউ থাকবেন না। যদিও নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদের সভা যথারীতি চলতে পারবে, তবে গুরুত্বপূর্ণ নিয়োগ এবং বাজেটসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বড় ধরনের প্রশাসনিক ও আইনি সীমাবদ্ধতা তৈরি হবে।