বিশ্ব রাজনীতিপ্রধান সংবাদ

জাপানে বিদেশি নাগরিকদের সম্পত্তি কেনার নিয়মকানুন

জাপানে বাড়ি বা জমি কিনতে দেশটির নাগরিক বা স্থায়ী বাসিন্দা হওয়া বাধ্যতামূলক নয়। এমনকি জাপানের বাইরে বসবাস করেও বিদেশি নাগরিকেরা সেখানে সম্পত্তির মালিক হতে পারেন। তবে জমি কেনাবেচার আগে জাপানের আইন, করব্যবস্থা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি।

বিদেশে সম্পত্তি কেনার কথা ভাবলে অনেকের মনেই প্রথমে ভিসা, নাগরিকত্ব কিংবা স্থায়ীভাবে বসবাসের অনুমতির বিষয়টি আসে। তবে জাপানের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। দেশটিতে বিদেশি নাগরিকদের সম্পত্তি কেনার ক্ষেত্রে জাতীয়তাভিত্তিক সাধারণ কোনো নিষেধাজ্ঞা নেই। জাপানের বাইরে বসবাস করেও সেখানে বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা জমি কেনা সম্ভব। তবে কৃষিজমি ও বিশেষ নিরাপত্তাসংশ্লিষ্ট এলাকার সম্পত্তির ক্ষেত্রে কিছু বিধিনিষেধ বলবৎ রয়েছে।

জাপানে সম্পত্তি কেনার প্রথম ধাপ হলো নিজের প্রয়োজন ও আর্থিক সামর্থ্য অনুযায়ী সম্পত্তি নির্বাচন। কেউ সেখানে বসবাসের জন্য বাড়ি কিনতে চান, আবার কেউ ভাড়া দেওয়ার মাধ্যমে আয় কিংবা দীর্ঘমেয়াদি বিনিয়োগের উদ্দেশ্যে সম্পত্তি কেনেন। উদ্দেশ্য অনুযায়ী সম্পত্তির অবস্থান, ধরন ও সম্ভাব্য ব্যয়ের হিসাব আলাদা হতে পারে। সম্পত্তি পছন্দের পর সাধারণত লাইসেন্সধারী আবাসন প্রতিষ্ঠানের মাধ্যমে কেনাবেচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। এ সময় সম্পত্তির মালিকানা, জমির নিবন্ধন, ভবনের অবস্থা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা অত্যন্ত জরুরি। পুরোনো ভবন কেনার ক্ষেত্রে নির্মাণের সময়কাল, ভূমিকম্প-সহনশীলতা ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বিবেচনায় রাখা উচিত।

সম্পত্তি কেনার ক্ষেত্রে শুধু বিক্রয়মূল্য হিসাব করলেই চলে না। এর সঙ্গে যুক্ত হয় মধ্যস্থতাকারীর পারিশ্রমিক, মালিকানা নিবন্ধন ফি, সম্পত্তি অধিগ্রহণ কর, স্ট্যাম্প শুল্ক এবং আইনগত সেবার খরচ। কেনার পরও প্রতিবছর সম্পত্তি কর ও অন্যান্য প্রযোজ্য কর পরিশোধ করতে হয়। অর্থায়নের বিষয়টিও আগে থেকে নিশ্চিত করা প্রয়োজন। জাপানে বিদেশিদের সম্পত্তি কেনার অধিকার থাকলেও ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকতে পারে। বিশেষ করে জাপানের বাইরে বসবাসকারী বিদেশিদের ঋণ পাওয়ার শর্ত তুলনামূলক কঠিন হতে পারে।

জাপানের বাইরে বসবাসকারী কোনো ব্যক্তি দেশটিতে সম্পত্তি বা নির্দিষ্ট সম্পত্তিসংক্রান্ত অধিকার অর্জন করলে সাধারণত ২০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিতে হয়। আবাসিক ব্যবহারের জন্য সম্পত্তি কেনার বিষয়টিও এখন এ প্রতিবেদনের আওতাভুক্ত। প্রতিবেদনটি জাপানি ভাষায় জমা দিতে হয় এবং প্রয়োজনে জাপানে বসবাসকারী প্রতিনিধির সহায়তা নেওয়া যেতে পারে।

বিদেশি নাগরিকেরা সম্পত্তি কেনার পাশাপাশি তা বিক্রির সুবিধাও পাবেন। সম্পত্তির মালিক জাপানে বসবাস করুন কিংবা দেশের বাইরে, উভয় ক্ষেত্রেই বিক্রির প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব। তবে এ সময় সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ, ক্রেতা খোঁজা, বিক্রয় চুক্তি এবং মালিকানা হস্তান্তরের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখতে হয়। বিক্রির পর অর্জিত মুনাফার ওপর কর প্রযোজ্য হতে পারে। সম্পত্তি কত দিন মালিকানায় ছিল এবং বিক্রেতার কর-আবাসিক অবস্থান কী, তার ওপর করের পরিমাণ নির্ভর করে। বিদেশে বসবাসকারী বিক্রেতার ক্ষেত্রে জাপানে কর প্রতিনিধি নিয়োগের প্রয়োজন হতে পারে। সব মিলিয়ে জাপানে সম্পত্তির মালিক হতে নাগরিকত্ব বা স্থায়ী বসবাসের অনুমতি বাধ্যতামূলক না হলেও সফল লেনদেনের জন্য যথাযথ প্রস্তুতি প্রয়োজন। দেশটির আইন, করব্যবস্থা ও প্রশাসনিক নিয়ম সম্পর্কে আগে থেকে জেনে এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোলে সম্পত্তি কেনাবেচার প্রক্রিয়া অনেকটাই সহজ হতে পারে।

ট্যাগ:#জাপান#সম্পত্তি#বিদেশি নাগরিক#আবাসন#বিনিয়োগ#আইন
বিজ্ঞাপনক্যাম্পাস জার্নাল বিজ্ঞাপনআপনার প্রতিষ্ঠান বা শিক্ষামূলক উদ্যোগের প্রচারে আমাদের সাথে যুক্ত হোন