ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন। প্রক্টর পরোক্ষভাবে তাদেরকে সরে দাঁড়ানোর অনুরোধ জানানোর পরই তারা এই সিদ্ধান্ত নেন বলে এক সূত্র জানিয়েছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, গতকাল দুজন এবং আজ বাকি তিনজন শিক্ষক স্ব-স্ব পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগকারী শিক্ষকেরা হলেন— আরবী বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম। অন্তর্বর্তী সরকারের সময় দায়িত্ব পুনর্বিন্যাসের অংশ হিসেবে তাদের সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
পদত্যাগ করা এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রক্টর তাদের পরোক্ষভাবে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেন, প্রক্টরের সঙ্গে তাদের ব্যক্তিগত সম্পর্ক ভালো। তবে হয়তো অন্য কোনো প্রশাসনিক বা পারিপার্শ্বিক চাপের কারণে তিনি এই অনুরোধ করে থাকতে পারেন। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বদা সর্বোচ্চ দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, প্রশাসন হয়তো নিজেদের মতাদর্শের কাউকে এসব পদে স্থলাভিষিক্ত করতে চাচ্ছে, তবে প্রকৃত কারণ স্পষ্ট নয়। অন্যদিকে, পদত্যাগকারী আরেক সহকারী প্রক্টর জানান, তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শিক্ষকদের পদত্যাগ করার কথা বলার অভিযোগ অস্বীকার করেছেন ঢাবি প্রক্টর ইসরাফিল রতন। তিনি জানান, প্রশাসনের পক্ষ থেকে কাউকে অব্যাহতি দেওয়া হয়নি। প্রক্টর উল্লেখ করেন, শিক্ষকেরা কেন পদত্যাগ করেছেন তা তারাই ভালো বলতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামোর মধ্যে কর্মকর্তা ও শিক্ষকদের আসা-যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া।
এদিকে প্রক্টর কার্যালয় সূত্রে জানা গেছে, রেজাউল করিম সোহাগ নামের আরও এক সহকারী প্রক্টর পদত্যাগপত্র জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তিনি ইতোমধ্যে তার সিদ্ধান্তের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন।