ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
পরীক্ষার ফলাফল ও ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, “এ বছর পরীক্ষায় পাসের হার ৫২ শতাংশ, যা মোটেও ভালো ফল নয়। বিশ্ববিদ্যালয়গুলো দ্রুত ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পারে। উপাচার্যদের সঙ্গে বৈঠক করে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ৭ নভেম্বর থেকে শুরু হওয়া এই কার্যক্রম আগামী ২৩ নভেম্বর শেষ হবে এবং সেদিনই পুনর্নিরীক্ষণের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ভর্তির আবেদন গ্রহণের সময় বেঁধে দিয়েছেন। তবে পুনর্নিরীক্ষণের ফলে যেসব শিক্ষার্থীর ফল ভালো হবে, তারাও যেন আবেদনের সমান সুযোগ পান, সেজন্য আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ জানাবেন তিনি।
উচ্চশিক্ষায় আসনসংকটের শঙ্কা উড়িয়ে দিয়ে শিক্ষামন্ত্রী জানান, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় মিলিয়ে প্রায় ১৫ লাখ আসন খালি রয়েছে। অন্যদিকে মোট ভর্তিচ্ছু শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৬ লাখ। ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কিংবা বুয়েটের মতো শীর্ষ প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে অহেতুক উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সেশনজট সমন্বয় করে বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত ভর্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, পুনর্নিরীক্ষণের ফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট বা মেডিকেলগুলোকে কার্যক্রম থামিয়ে রাখতে বলা হচ্ছে না। কারণ দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও পর্যাপ্ত আসন খালি রয়েছে, যেখানে ভর্তি হওয়ার মতো সুযোগ শিক্ষার্থীদের থাকবে।
নিজের অতীত অভিজ্ঞতার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী জানান, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দায়িত্ব পালনের সময় পরীক্ষার খাতা মূল্যায়নে কিছু অনিয়ম ও নম্বর নির্ধারণে অসংগতি ধরা পড়েছিল। কিন্তু তৎকালীন প্রচলিত ১৯৮০ সালের আইনের সীমাবদ্ধতার কারণে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
তবে এবার জাতীয় সংসদে সেই আইন সংশোধন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন আইনের মাধ্যমে পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের আইনি ক্ষমতা দেওয়া হয়েছে। এর ফলে সাম্প্রতিক এসএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে প্রায় ৪৫ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এদের মধ্যে আগে অকৃতকার্য থাকা প্রায় ৫ হাজার শিক্ষার্থী পাস করেছে এবং ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থীর জিপিএ বেড়েছে। পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় রয়েছেন উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এবারও অনেক শিক্ষার্থীর ফল ভালো হবে এবং তারা উচ্চশিক্ষার সুযোগ পাবে।
বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিয়ে নিজের অভিজ্ঞতা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার চার বছরের কোর্স শেষ করতে আট বছরেরও বেশি সময় লেগেছিল। ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থীকে এই তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে না হয়, সে বিষয়ে কঠোর বার্তা দেন তিনি। চার বছরের কোর্স চার বছরেই শেষ করাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহির অংশ হিসেবে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।